নারীর প্রতি সহিংসতা কমাতে দরকার নাগরিক নজরদারি
সাম্প্রতিক বছরগুলোয় নারীর প্রতি সহিংসতা লাগামহীনভাবে বেড়ে চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও নারীরা যৌনসন্ত্রাসের শিকার হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ঘরে-বাইরে কোথাও নারীরা আজ নিরাপদ নন।
গতকাল ‘নারীর জন্য নিরাপদ হোক পয়লা বৈশাখ’ শিরোনামে সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর ব্রতী কার্যালয়ে পয়লা বৈশাখে নারীর নিরাপত্তার লক্ষ্যে নাগরিক নজরদারির গুরুত্ব বোঝাতে এ সম্মেলনের আয়োজন করে নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন।
সংবাদ সম্মেলনে অধ্যাপক অজয় রায় বলেন, সুপ্রিম কোর্টের সামনের ভাস্কর্য সরিয়ে নিলে তার বিরুদ্ধে তরুণ শক্তিকে আন্দোলনে নামতে হবে। ভাস্কর্যটি ন্যায়ের প্রতীক, এটা কোনো সাধারণ মূর্তি নয়। এটি থাকার প্রয়োজন আছে কি না—সেই সিদ্ধান্ত আদালত নেবে।’
অজয় রায় আরও বলেন, ভাস্কর্য আর মূর্তি এক নয়—এটি হেফাজতকে বোঝাতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহসভাপতি মুনিরা খান বলেন, এ সময়ের প্রেক্ষাপটে এটি একটি গুরুত্বপূর্ণ কার্যক্রম। এই আন্দোলন পরিবার থেকেই শুরু করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, দুই বছর আগে পয়লা বৈশাখে নারীর যৌন নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে এ সংগঠনটি গঠিত হয়েছে। এই সংগঠনের আওতায় গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২টি স্থানকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি কার্যক্রম চালানো হয়েছে। এ বছরও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
সংগঠনটির আহ্বায়ক শারমীন মুরশীদ বলেন, দেশকে নারীর জন্য নিরাপদ করতে হবে। এর অংশ হিসেবে প্রয়োজন নাগরিক অংশগ্রহণ ও নিবিড় নজরদারি।