নারীর প্রতি সহিংসতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে
নারীর প্রতি সহিংসতা দেশের অর্থনীতিতে প্রভাব ফেলছে। জিডিপির ২ দশমিক ৩ শতাংশ নারীর প্রতি সহিংসতার কারণে খরচ হয়। যে পরিমাণে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনা উচিত ছিল, সেটা সম্ভব হয়নি। বাংলাদেশে গড়ে একজন নির্যাতিতার চিকিৎসা ও বিচার-প্রক্রিয়ায় এক লাখ ১২ হাজার ৮৩১ টাকা খরচ হয়ে থাকে। আর একজন নির্যাতনকারীর এই অর্থের অপচয়ের পরিমাণ ১২ লাখ আট হাজার ২৩০ টাকা।গতকাল রোববার সকালে সিলেট নগরের একটি অভিজাত রেস্তোরাঁর সম্মেলন কক্ষে ‘নারীর প্রতি সহিংসতা অর্থমূল্য’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেছেন। কেয়ার বাংলাদেশের উদ্যোগে ও ইউএসএআইডির সহযোগিতায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেটের প্রবীণ নারী সাংবাদিক শামসাদ হুশাম। মিডিয়াব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীরের সঞ্চালনে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী ও তথ্য অধিদপ্তর সিলেটের উপপরিচালক যুলিয়া জেসমিন মিলি। মূল প্রবন্ধ পাঠ করেন জুলিয়া আহমেদ।উন্মুক্ত আলোচনায় অংশ নেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ মহিলা সমিতি সিলেটের সভানেত্রী খুশি চৌধুরী, সাংবাদিক আল-আজাদ, লিয়াকত শাহ ফরিদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজিয়া চৌধুরী, সিটি করপোরেশনের নারী কাউন্সিলর আক্তারুন নেছা, আদিবাসী নেতা লক্ষ্মীকান্ত সিংহ, এ টি এম বদরুল ইসলাম প্রমুখ।