নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কর্মশালা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অগ্রগতি বিষয়ে গতকাল বুধবার ফেনীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে আয়োজিত কর্মশালায় বলা হয়, ২০০৫ সালের বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ অনুযায়ী শহরে ৫০ শতাংশ ও গ্রামে ৬২ শতাংশ নারী তাঁদের জীবদ্দশায় শারীরিক ও যৌন নির্যাতনের শিকার হন। গর্ভাবস্থায় যত নারীর মৃত্যু হয়, তার মধ্যে ১৪ শতাংশ স্বামীর নির্যাতনে এবং অত্যাচারের শিকার হয়ে মারা যান।
কর্মশালায় বলা হয়, প্রতি তিনজন নারীর মধ্যে একজন নির্যাতিত হন। ১৭.৬ শতাংশ ভুক্তভোগী ন্যায়বিচার চান ও সে জন্য ব্যবস্থা নেন। ৩০ শতাংশ নারী ন্যায়বিচার না চেয়ে বিষয়টিকে তাঁদের পারিবারিক বিষয় বলে মনে করেন। কর্মশালায় আরও বলা হয়, বর্তমানে ইউএনডিপি ও ব্র্যাকের উন্নয়ন সহযোগিতা ও প্রচারণা, সরকারের নানা আইন ও উদ্যোগের ফলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। ইউএনডিপি ও ব্র্যাকের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউল আরিফ। ব্র্যাক কর্মকর্তা অরুন কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির প্রোগ্রাম এনালিস্ট মাজেদা হক।