নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন নাগরিক সচেতনতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতা রোধে শিক্ষা ও সচেতনতার গুরুত্ব সবচেয়ে বেশি। কেননা শিক্ষা মানুষকে আত্মবিশ্বাসী করে গড়ে তোলে। তার মধ্যে পারস্পরিক সহমর্মিতা ও সহানুভূতিবোধ জাগ্রত করে। এ বোধে উদ্বুদ্ধ মানুষ কোনো অনৈতিক আচরণ করতে পারে না।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাস মিলনায়তনে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ’বিষয়ক আলোচনা ও কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা ‘স্পেক আপ ক্লাব’ নামের একটি সংগঠন এর আয়োজন করে। আলোচনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাহিমা আজিজ। ফাহিমা আজিজ বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে প্রয়োজন নাগরিক সচেতনতা। এ সহিংসতা শুধু এশিয়া অঞ্চলেই নয়, নারীর প্রতি নির্যাতন সারা বিশ্বেই হচ্ছে। এর জন্য নারী শিক্ষা জোরদার করতে হবে।অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এইউডব্লিউর সহযোগী অধ্যাপক ক্লিওনিকি সারোকা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাহাব উদ্দিন, আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম, বাংলাদেশ মহিলা পরিষদ, চট্টগ্রামের সভাপতি লতিফা কবির, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, নারী অধিকার ও উন্নয়ন সংগঠন ফাইট ফর উইমেনস রাইটসের সভাপতি আইনজীবী রেহেনা বেগম। এ ছাড়া আয়োজকদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সভাপতি সারাবান তাহুরা, ফারাহ খাতির, জায়মা প্রমুখ।আলোচনায় বক্তারা বলেন, নারী-পুরুষের প্রথম বৈষম্য শুরু হয় পরিবার থেকেই। একটি মেয়ে বা ছেলেশিশু মানুষ হিসেবে জন্ম নিলেও সামাজিক, রাজনৈতিক নানা প্রেক্ষাপটের কারণে একজন নারী হয়ে পড়েন ক্ষমতাহীন। আর পুরুষ ক্ষমতাবান হয়ে ওঠেন। তাই পরিবার থেকেই একজন মেয়েশিশুকে মেয়ে হিসেবে গড়ে না তুলে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আলোচনা শেষে আয়োজিত কর্মশালায় বিভিন্ন উন্নয়ন সংগঠনের নীতিনির্ধারক এবং প্রান্তিক পর্যায়ের সুবিধাভোগী শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহণ করেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে নাটিকা পরিবেশিত হয়।