নারীর প্রতি সহিংসতা বন্ধে সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা জরুরি বলে মন্তব্য করেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল। গতকাল রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ‘আমরাই পারি’ নামের সংগঠনের উদ্যোগে ১৬ দিনের ভ্রাম্যমাণ ভ্যান প্রচারণা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
‘নারী নির্যাতন সামাজিক ও আইনগতভাবে অপরাধ, নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই’ স্লোগানে শুরু হয়েছে এই প্রচারণা। নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এ কর্মসূচি নেওয়া হয়েছে।
‘আমরাই পারি’-এর সভাপতি সুলতানা কামাল বলেন, গ্রামে ধর্ষণ ও বিবাহ বিচ্ছেদের ঘটনায় নারীরা শেষ মুহূর্তে আইনি সহায়তা নিতে চান। নির্যাতনের শিকার নারীরা একেবারে বাধ্য না হলে আইনি সহায়তা নিতে যান না। তাই সচেতনতা সৃষ্টির জন্যই এ কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিবারে, সমাজে নারীর প্রতি নির্যাতনমূলক আচরণ বন্ধে এই প্রচারণার কাজ চালিয়ে যেতে হবে। প্রতিবছর ‘আমরাই পারি জোট’-এর সহযোগী সংস্থাগুলো ৪৮ জেলায় বিভিন্ন প্রচারণার মাধ্যমে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করে।
সকাল সাড়ে নয়টার দিকে অনুষ্ঠান শুরু হয়। একপর্যায়ে অনুমতি নেই বলে পুলিশ উদ্বোধনী অনুষ্ঠানে বাধা দেয়। এ সময় আয়োজকদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। সুলতানা কামাল অনুষ্ঠান আয়োজনে পুলিশের অনুমতিপত্র দেখান। তবে স্পিকারের অনুমতি না থাকার বিষয়টি জানিয়ে দায়িত্বরত পুলিশ তাঁদের সেখান থেকে চলে যেতে বলেন। এরপর উদ্বোধনী অনুষ্ঠান শেষ করা হয়। সকাল ১০টার দিকে আটটি পিকআপ ভ্যান জনসাধারণের কাছে নারী নির্যাতনবিরোধী বার্তা প্রচারের জন্য রাজধানীর ২৫টি স্থানের দিকে যাত্রা শুরু করে। ভ্যানগুলোতে বাজছিল ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ গান। ভ্যান থেকে সচেতনতামূলক লিফলেট, বুকলেট বিতরণ করা হয়। প্রথম দিনে বেলা দুইটা পর্যন্ত এই প্রচারণা চলে।
অনুষ্ঠানে ‘আমরাই পারি’র জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক বলেন, নারীদের ওপর নির্যাতন বন্ধে আমরাই পারি ক্যাম্পেইন মানুষের মানসিকতা ও আচরণ পরিবর্তনের জন্য কাজ করছে। নারী সংগঠনের নেত্রীরাসহ ব্লাস্টের প্রতিনিধি কল্পনা বসু ও শিহাব সিরাজী, অক্সফামের প্রতিনিধি ফারহানা হাফিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।