নারীর প্রতি সহিংসতা বন্ধে শিক্ষার্থীদের সাইকেল শোভাযাত্রা
নারীর প্রতি সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে গতকাল বুধবার সকালে কক্সবাজার শহরে সচেতনতামূলক সাইকেল শোভাযাত্রা করেছে শিক্ষার্থীরা। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার।
শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার চত্বরে এসে শেষ হয় সাইকেল শোভাযাত্রাটি। শোভাযাত্রার স্লোগান ছিল ‘রঙিন পৃথিবীর রঙিন আলো, সকল নারী থাকুক ভালো’। মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচির আয়োজনে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাকের পৃষ্ঠপোষকতায় এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ও পৌর প্রিপারেটরি উচ্চবিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়।
শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, নারীরা হচ্ছেন প্রেরণার উৎস, সমাজ পরিবর্তনের কারিগর। তাঁদের সর্বক্ষেত্রে সহায়তা করতে হবে। যেকোনো নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে, নারীদের যৌন হয়রানি ও সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টিতে এই শোভাযাত্রা ভূমিকা রাখবে।
সভায় বক্তব্য দেন ব্র্যাকের জেলা প্রতিনিধি অজিত নন্দী, নারী নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক জেলা কমিটির আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী, প্রকৌশলী কানন পাল, ব্র্যাকের সিনিয়র সেক্টর স্পেশালিস্ট রুবেল দাশ, সালাহ উদ্দিন, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট ইসমাঈল হোসেন, মো. সিরাজুম মুনীর প্রমুখ।
সিরাজুম মুনীর বলেন, নারী ও কিশোরীদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধে মানুষকে সচেতন করতেই সাইকেল শোভাযাত্রা।