নারীর প্রতি সহিংসতা নতুন কোনো ঘটনা নয়। যুগ যুগ ধরে এ অবস্থা চলছে। অনেক পরিবারে নববধূকে প্রতিপক্ষ হিসেবে দেখা হয়। এটা কখনো কাম্য হতে পারে না। সব ধর্মগ্রন্থেই নারীকে সমঞ্চান দেখানোর কথা বলা আছে। নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্রের পাশাপাশি সমাজকেও এগিয়ে আসতে হবে। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল মঙ্গলবার ‘জয়েন্ট প্রোগ্রাম টু অ্যাড্রেস ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দিনব্যাপী কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। জেলা তথ্য কার্যালয় এ কর্মশালার আয়োজন করে। দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত। কর্মশালায় ৩০ জন গণমাধ্যমকর্মী অংশ নেন।