নারীর প্রতি সহিংসতা বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনার প্রতিবাদে কর্মজীবী নারী ও কোয়ালিশন ফর দি আরবান পুওরের (কাপ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন l প্রথম আলো
চলন্ত মাইক্রোবাসে পোশাকশ্রমিককে ধর্ষণের ঘটনার প্রতিবাদে কর্মজীবী নারী ও কোয়ালিশন ফর দি আরবান পুওরের (কাপ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন l প্রথম আলো

নারীর প্রতি সহিংসতা বন্ধে প্রয়োজনীয় জাতীয় উদ্যোগ গ্রহণ করার এখনই সময়। শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সামাজিক, সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে পারিবারিক ও সামাজিকভাবে নারী নির্যাতন প্রতিহত করতে হবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মজীবী নারী এবং কোয়ালিশন ফর দি আরবান পুওরের (কাপ) যৌথ উদ্যোগে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে এ আহ্বান জানান বক্তারা।
১ জুলাই রাতে পোশাকশ্রমিককে চলন্ত মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে এই কর্মসূচি আহ্বান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মজীবী নারীর প্রতিষ্ঠাতা সভাপতি সাংসদ শিরীন আখতার।
শিরীন আখতার বলেন, পোশাকশিল্পের আয় যখন সাফল্যজনক, তখন শিল্পশ্রমিক ধর্ষণের ঘটনা লজ্জাজনক। কর্মজীবী নারীদের নিরাপত্তা প্রদানে সরকারের সক্রিয় ভূমিকাকে আরও জোরালো করতে না পারলে এমন ঘটনা বারবার ঘটেই যাবে। নারীদের নিরাপদে চলাচলের জন্য সুষ্ঠু পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
কর্মসূচিতে কাপের নির্বাহী পরিচালক রেবেকা সানিয়াত, জাসদের নারীবিষয়ক সম্পাদক উম্মে হাসান, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকেও যেন কেউ নারীর প্রতি কোনো ধরনের সহিংসতার সাহস না পায়, সেদিকে নজর দিতে হবে। বক্তারা সমাবেশ থেকে আইনজীবীদের প্রতি কোনো নারী নির্যাতনকারী-ধর্ষকের পক্ষে মামলা না লড়ার আহ্বান জানান।