নারীর প্রতি সহিংসতা রোধে বিনোদনমূলক শিক্ষার ভূমিকা
২৫ ফেব্রুয়ারি ২০১৫, প্রথম আলো ও ব্র্যাকের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা রোধে বিনোদনমূলক শিক্ষার ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো

আলোচনা
আব্দুল কাইয়ুম: বিগত কয়েক দশকে বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্যে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য এসেছে।আমাদের দেশের এক বিজ্ঞানীর অাবিষ্কৃত িকউ ম্যাট মাতৃমৃত্যু হ্রাসের ক্ষেত্রে ভূমিকা রাখছে। ২০১১ সালের এক জরিপ থেকে জানা যায়, স্বামীর হাতে নির্যাতনের শিকার হয় ৮৭ শতাংশ নারী। ৬৫ শতাংশ নারী ঘরে যৌন নির্যাতনের শিকার হয়।
মহিলা পরিষদের ২০১৪ সালের হিসাব অনুযায়ী, ধর্ষণ, গণধর্ষণ, হত্যাসহ বিভিন্ন ধরনের ৪৬৫৪টি নির্যাতনের ঘটনা ঘটে। নারীর প্রতি সহিংসতা রোধে সরকার, এনজিও, গণমাধ্যম, ব্যক্তি খাতসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনায় এসব বিষয় আসবে। এখন আলোচনার সূত্রপাত করবেন স্নেহাল সনেজি
স্নেহাল সনেজি: বাংলাদেশ এশিয়ার মধ্যে একটা নবীন রাষ্ট্র। এ দেশের ৮০ শতাংশ মানুষের বয়স ১২ থেকে ২৫ বছরের মধ্যে। জনসংখ্যামিতির হিসাবে এটা একটা বিরাট সম্ভাবনা। এই সম্ভাবনাকে ঠিকমতো কাজে লাগাতে পারলে বাংলাদেশ খুব অল্প সময়ের মধ্যে উন্নত একটি রাষ্ট্রে পরিণত হবে। এ ক্ষেত্রে জরুরি হচ্ছে কীভাবে বাংলাদেশের তরুণসমাজকে কাজে লাগাচ্ছি। নারীর প্রতি সহিংসতা বাংলাদেশের একটি বড় সামাজিক সমস্যা। সহিংসতার বিভিন্ন প্রকারের মধ্যে যৌন নির্যাতন ও হয়রানি হচ্ছে সংবেদনশীল বিষয়। এই বিষয় নিয়ে আমাদের সমাজে খুব বেশি কথা হয় না। কিন্তু এর ব্যাপ্তি অনেক বেশি। আমরা জানি যে এই সমাজে নারীরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের যৌন নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে। এ ক্ষেত্রে সচেতনতা বাড়ানোর ওপর কাজ করতে হবে। নারী–পুরুষ, কিশোর-কিশোরী, ছেলেমেয়ে সবাইকে সচেতন করতে হবে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধ করা সম্ভব। বর্তমান সময়টা হচ্ছে টেকনোলজির যুগ। প্রথাগত শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির কার্যক্রমের ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিশোর–কিশোরীদের একটা বড় অংশের যোগাযোগের মাধ্যম হচ্ছে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ। কিশোর–তরুণদের উদ্বুদ্ধ করতে তাদের পছন্দের ভাষা ব্যবহার করতে হবে।
তারা যে ভাষা বোঝে সে ভাষায়ই তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে বিনোদনমুলক শিক্ষা একটা কার্যকর মাধ্যম হতে পারে। এখানে পটগান, পথনাটক, বিতর্ক ইত্যাদির পাশাপাশি টিভি অ্যাড, নাটক ইত্যাদির সমন্বিত প্রয়োগ ও ব্যবহার অনেক বড় জনগোষ্ঠীর কাছে সহজে ও কার্যকরভাবে পৌঁছাতে পারে। সরকার, মিডিয়া ও এনজিওগুলোকে সমন্বিতভাবে এই কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া উচিত।
ইমাম নাহিল: বাংলাদেশে সহিংসতার বিভিন্ন ধরনের মধ্যে যৌন হয়রানি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কিশোরীদের ক্ষেত্রে এটি বেশি হয়। তাদের যৌন নির্যাতন প্রতিরোধের মাধ্যম হিসেবে ব্যবহার করেছি বিনোদনমূলক শিক্ষা ও দেশের জনপ্রিয় সংস্কৃতি। বিশ্বে ৩০ শতাংশের বেশি নারী যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে। যৌন নির্যাতনের তেমন কোনো পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন উৎসের মাধ্যমে আমরা যেটা জেনেছি তা হলো, বাংলাদেশে কিশোরীসহ ৬০ শতাংশ নারী যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়। এদের মধ্যে ৮০ শতাংশ অবিবাহিত। এসব বিষয়ে কাজ করার জন্য খুলনাতে আমরা একটি প্রকল্প করেছি। সেখানে এক জরিপে দেখা গেছে, ৯০ শতাংশ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী যৌন হয়রানির শিকার হয়। বাড়ি, স্কুল, কর্মক্ষেত্র, কোচিং সেন্টার, পরিবহন, স্টেশন, বাজার, মেলা, অনুষ্ঠানাদি সর্বত্র তারা যৌন হয়রানির শিকার হয়। তাদের জন্য প্রায় নিরাপদ কোনো জায়গাই নেই। আমাদের অনুসন্ধানে ৪৬ রকম যৌন নির্যাতন ও হয়রানির বিষয় পেয়েছি। কিন্তু কিশোর-কিশোরী, শিক্ষক-শিক্ষিকা ও বাবা–মায়েরা সবাই গড়ে ১৫টির বেশি বিষয় বলতে পারে না।
বাংলাদেশসহ ১১টি দেশে আমাদের কার্যক্রম চলছে। খুলনার ১০টি স্কুলে কাজ করেছি। এটি ২০১৩ সালের মার্চে শুরু হয়ে ২০১৫ সালের ফেব্রুয়ারিতে শেষ হয়। এই প্রকল্পটির অভিজ্ঞতা থেকে কয়েকটি সুনির্দিষ্ট মতামত উপস্থাপন করতে চাই। বর্তমানে সরকার ‘আইসিটি ইন এডুকেশন’ কার্যক্রমের আওতায় প্রতিটি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করছে। এই অবকাঠামো ব্যবহার করে বিনোদনমূলক শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির এই ধারণাটির প্রসার ঘটানো যেতে পারে। এভাবে আরও বেশি সংখ্যক জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধি করা সম্ভব।
গণমাধ্যমের একটা সামাজিক দায়বদ্ধতা আছে। গণমাধ্যমে নারীর উপস্থাপন এবং নির্যাতনবিষয়ক কাভারেজগুলো নিয়মিত তদারক করা প্রয়োজন। মিডিয়াকর্মীদের জেন্ডার সচেতনতা ও দক্ষতা আরও বৃদ্ধির জন্য সহযোগিতা করা প্রয়োজন। কার্যকরভাবে সচেতনতা বৃদ্ধির জন্য সরকার, মিডিয়া, এনজিও ও সিভিল সোসাইটিকে এক প্ল্যাটফর্মে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন। কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
হাবিবুর রহমান: খুলনাতে ১০টি স্কুলের কাজে অনেকে সহযোগিতা করেছেন। অনেকে অনেকভাবে সহিংসতা দূর করার কাজ করছেন। আমরা কিছুটা ভিন্নভাবে এ কাজ করেছি এবং সফল হয়েছি। আমাদের লক্ষ্য ছিল স্কুলের শিক্ষার্থী। সহিংসতার জন্য মেয়েরা স্কুলে আসতে চায় না। অনেকের শিশুবিবাহ হয়। বিনোদনমূলক শিক্ষার মাধ্যমে যদি বিদ্যালয়ে মেয়েদের সহিংসতা রোধ করা যায় তাহলে মেয়েরা ঝরে পড়বে না। শিশুবিবাহ হবে না। ফলে নারীর উন্নয়ন হবে। এটিই আমাদের লক্ষ্য। আমাদের কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে একধরনের নেতৃত্ব তৈরি হয়েছে। ছেলেমেয়েরা একে অপরের সঙ্গে সব বিষয়ে খোলামেলা আলোচনা করছে। একজন অন্যজনকে সহযোগিতা করছে। এই কর্মসূচির মাধ্যমে স্কুলগুলো যৌন নির্যাতন ও হয়রানির ক্ষেত্রে বিশেষ কমিটি করেছে। এ কমিটি শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা করছে। বিনোদনমূলক শিক্ষার জন্য যে উপকরণ ব্যবহার করা হয়েছে, এ উপকরণের মাধ্যমে তারা একে অপরের কাছে আসতে পেরেছে। একে অপরকে জানতে–বুঝতে পেরেছে। মেয়েদের সব সময় দোষারোপ করা হয়। আমরা স্লোগানে বলেছি, কন্যাদের কথা শুনি, তাদের পাশে থাকি। যেসব স্কুলে কাজ করেছি সেসব স্কুলের মেয়েরা কথা বলছে, ছেলেরাসহ অন্যরা শুনছে। এতে মেয়েদের মানসিকতায় একটা ব্যাপক পরিবর্তন এসেছে।
এ কর্মসূচির মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমে গেছে। শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে সহজভাবে মিশতে পারছে। আগের থেকে অনেক খোলামেলাভাবে সবকিছু শেয়ার করতে পারছে। সরকার যদি আমাদের এই উপকরণগুলো দেশের সব স্কুলে প্রচারের ব্যবস্থা করে এবং শিক্ষকদের এ ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে নারীর প্রতি সহিংসতার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে।
জিনাত আরা হক: আমরা মাঠে কাজ করি। আমাদের অনেক সমস্যা মোকাবিলা করতে হয়। মাঠে কোনো নেতা–নেত্রী থাকেন না। কোনো রাজনৈতিক দল থাকে না। প্রশাসনের লোক থাকেন। বিশেষ কিছু এনজিও ছাড়া আর কোনো এনজিও থাকে না। বাংলাদেশে অনেক এনজিও কাজ করছে। তাদের মধ্যে কোনো সমন্বয় নেই। আজ দেশে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে। কিন্তু এনজিওগুলোর মধ্য থেকে প্রতিবাদ নেই। আমরা একই বিষয় নিয়ে কাজ করছি। আমাদের মধ্যে কোনো সমন্বয় নেই। কোনো যোগাযোগ নেই। মাঠে কাজ করলে এটা যে কত সমস্যা করে, সেটা বোঝা যায়। একটা কাজ একসঙ্গে করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। কার লোগো যাবে, কার নাম যাবে, কার ফাইল—এসব নিয়েই অনেক ঝামেলা হয়। সবাই একসঙ্গে কাজ করতে পারলে যৌন নির্যাতনসহ নারীর অধিকাংশ সমস্যা দূর করতে পারতাম। ওই বিশেষ কিছু এনজিও এমনভাবে সাধারণ মানুষের মগজ ধোলাই করছে যে সেখান থেকে তাদের বের করে আনা কঠিন।
স্কুলে কাজ করা যে কত কঠিন মাঠে কাজ না করলে বোঝা যায় না। সরকারি চিঠি ছাড়া কোনো স্কুলে ঢোকা যায় না। স্কুলের প্রধান শিক্ষক ইতিবাচক না হলে কোনো কাজ করা যায় না। অনেক স্কুলে ঢুকতে পারি, অনেক স্কুলে পারি না। যেমন খুলনার একটা স্কুলে অনেক চেষ্টা করেও ঢুকতে পারিনি। আবার শিক্ষার্থী ও আমাদের সময় বের করা একটা বড় চ্যালেঞ্জ। যা হোক অনেক বাধা সরিয়ে কাজ করতে হয়েছে। আমাদের শেষ কর্মসূচিটিও হরতাল–অবরোধের মধ্যে অনেক কষ্ট করে শেষ করতে হয়েছে। বাংলাদেশ এনজিওবহুল একটি দেশ। এনজিওগুলোর কাজের সমন্বয় করতে হবে। সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
কল্পনা বসু: শিক্ষা, স্বাস্থে্য যে নারীরা এগিয়েছে এটি এখন প্রায় সবাই বলে থাকেন। কিন্তু আমরা পুষ্টিতে অনেক পিছিয়ে আছি। এ ক্ষেত্রে অনেক দূর যেতে হবে। নারী নির্যাতনকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নেই। কেন নারী নির্যাতন হয়? এখানে নারীর রাজনীতি, অর্থনীতি, ক্ষমতায়ন, আইন—সবকিছুকে বুঝতে হবে। সম্পদে নারীদের কতটুকু অধিকার আছে? হিন্দু নারীদের বিবাহ, রেজিস্ট্রেশন এখনো বাধ্যতামূলক করা হয়নি। আইন আমাদের কতটুকু অধিকার দিয়েছে, সে প্রেক্ষিত আনতে হবে। যদিও সংবিধান বলছে, নারী-পুরুষের সমান অধিকার। গত তিন দশকেরও বেশি সময় ধরে নারীদের জন্য বিভিন্নভাবে বিনিয়োগ হয়েছে। কিন্তু ছেলেদের জন্য কোনো বিনিয়োগ হয়নি। একটা ছেলে কেন মেয়েদের উত্ত্যক্ত করবে? বিরক্ত করবে? কারণগুলো খঁুজে সমাধানের ব্যবস্থা করতে হবে। সমাধানের জন্য বিনিয়োগের প্রয়োজন। এ ক্ষেত্রে তাদের জন্য কখনোই কোনো বিনিয়োগ হয়নি বা কেউ তেমনভাবে বিষয়টি ভাবেনি। শারীরিক নির্যাতনকে মেনে নিয়েছি। কিন্তু যৌন নির্যাতনের ক্ষেত্রে আতঙ্কিত হই। সম্পূর্ণ চেপে যাই। গোপন করার যত চেষ্টা আছে, সেটা করি। ফলে যৌন নির্যাতনের কোনো জোরালো প্রতিবাদ হচ্ছে না। এই জায়গাটায় আমাদের হাত দিতে হবে। প্রতিবাদ না হওয়ার প্রধান কারণ, যৌন নির্যাতনের সব দোষ নারীকে দেওয়া হয়। নারীরা মান–সম্মানের কথা ভেবে টুঁ–শব্দটি করে না।
অনেকে আবার প্রতিবাদ করতে চায়, কিন্তু সে অন্যদের সমর্থন পায় না। মামলা হলে প্রমাণ করতে কয়েক বছর লেগে যায়। এসব সমস্যার জন্য নারীর যৌন নির্যাতন কমছে না। পাঠ্যপুস্তকে প্রজননস্বাস্থে্যর বিষয়টি এসেছে। কিন্তু এত ইনিয়ে-বিনিয়ে যে প্রয়োজনীয় তথ্য খঁুজে পেতে শিক্ষার্থীদের অনেক সময় নষ্ট হবে। এগুলো করার সময় খেয়াল রাখতে হবে কত অল্প কথায় প্রয়োজনীয় তথ্য দিতে পারি। সবশেষে বলব, আমাদের ছেলেমেয়েদের নিরাপদ গৃহ, শিক্ষা, স্বাস্থ্য দিতে হবে। খেলার মাঠ দিতে হবে। একটা হিংসাত্মক সমাজে ছেলেমেয়েরা কখনো ভালো মানুষ হতে পারে না।
মাহফুজুল বারী: ২০১৩ সালে এ প্রকল্পের একটি ভিত্তি জরিপ হয়েছে। আমাদের প্রকল্পের সময় ছিল দুই বছর। রাজনৈতিক অস্থিরতার জন্য ২০১৪ সালে পরিকল্পনামতো কাজ করা সম্ভব হয়নি। ফেব্রুয়ারিতে কাজ শেষে একজন নিরপেক্ষ মানুষকে দিয়ে জরিপ করেছি, যাতে জরিপ নিয়ে কোনো প্রশ্ন না থাকে। আমাদের ভিত্তি জরিপের তথ্য, সরকারি-বেসরকারি তথ্য, আন্তর্জাতিক তথ্য সবই ব্যবহার করেছি। তিন হাজার শিক্ষার্থী নিয়ে কাজ করেছি। ২৮০ জন শিক্ষার্থীকে জরিপের সময় প্রশ্ন করেছি। আমরা শিক্ষার্থী ও তাদের মা–বাবাদের সঙ্গে ছয়টি আলোচনা অনুষ্ঠান করেছি। কয়েকজন প্রধান শিক্ষকসহ ১৫ জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি। আমাদের মতবিনিময়ের মধ্যে আরও আছে স্কুলের ব্যবস্থাপনা কমিটি, আইনজীবী, সাংবাদিকসহ আরও অনেকে। শেষ পর্যায়ে কিছু কেস স্টাডি করেছি। আমাদের কাজটি ছিল মূলত যৌন নির্যাতন প্রতিরোধের শিক্ষা দেওয়া। এ ক্ষেত্রে বিনোদন শিক্ষাকে ব্যবহার করেছি।
মনে রাখতে হবে, দুই বছরের মধ্যে সবকিছু পরিবর্তন হবে না। কিন্তু সংশ্লিষ্ট সবাই এ বিষয়ে ভালো ধারণা নিতে পেরেছে কি না, সেটি একটি বড় দিক। প্রকল্প শেষে আমাদের ১০টি স্কুলে প্রায় ৯৯ শতাংশ শিক্ষার্থী এসব বিষয়ে ভালো ধারণা নিয়েছে। তাদের জানা–বোঝার ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি হয়েছে। আমাদের শিক্ষার্থীদের ৯৯ শতাংশ বলেছে, তারা নির্যাতনের শিকার মানুষটিকে সাহায্য করতে চায়। নির্যাতিত মানুষটিও সাহায্য নিতে চায়।
কনর মলয়: অক্সফাম বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশে এই কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে। আমরা মনে করি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে একটি কার্যকর উপায় আবিষ্কৃত হয়েছে, যাকে আমরা বলছি ‘বিনোদনমূলক শিক্ষা’। দক্ষিণ এশিয়ার মধ্যে স্বাধীনতা অর্জনে বাংলাদেশ সবচেয়ে নবীন। কিন্তু এ রাষ্ট্রের রয়েছে অপার সম্ভাবনা। তবে সমাজে নারীর প্রতি সহিংসতা এই সম্ভাবনাকে অনেকখানি নষ্ট করে দিচ্ছে। বিশেষ করে এ দেশের কিশোরী ও তরুণীরা পাবলিক প্লেসে, যানবাহনে, কোচিং সেন্টারে, ঘরে-বাইরে প্রায়ই যে যৌন নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছে তা কেবল তাদের শিক্ষা ও মানসিকতাকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং দেশের আর্থসামাজিক ক্ষেত্রে একটা সুদূরপ্রসারী ক্ষত সৃষ্টি করছে। আমি মনে করি, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা, বিশেষ করে যৌন নির্যাতন ও হয়রানি প্রতিরোধে আরও সমন্বিত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে বিনোদনমূলক শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের যে উপায়ের কথা বলা হয়েছে, এটা অত্যন্ত কার্যকর এবং একটি ভালো সূচনা। সমন্বিত উদ্যোগে এটার আরও বিস্তার হওয়া প্রয়োজন।
রোকেয়া কবির: ১৯৭১ সালে যুদ্ধের সময় দেশের পরিস্থিতি ভয়াবহ ছিল। তখন আমি ঢাকায় ছিলাম। দেশের স্বাভাবিক কার্যক্রম বন্ধ হলো। অনেকের বাবা অন্যত্র বদলি হলো। তখন এদের মেয়েরা ইচ্ছে না থাকা সত্ত্বেও বিয়ে করতে বাধ্য হয়। ১৯৯২ সালে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে সচেতন করার কাজ শুরু করি। ২০০১ সালে আমাদের মেয়েরা ঢাকার বাইরে গিয়ে কোনো অনুষ্ঠান করতে পারত না। তাদের বিভিন্নভাবে হয়রানি করা হতো। দেশে নারীদের এখন পরিবর্তন এসেছে। বই–পুস্তকে নারী-পুরুষের শারীরিক প্রক্রিয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। এসব ক্ষেত্রে সরকার আমাদের পরামর্শ নিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় নারী আন্দোলনের কাজ করেছি। আমাদের কর্মক্ষেত্রগুলোতে নারীরা বেশি এগিয়েছে। ১৯৯৩-৯৪ সালে ছায়ানট বাংলাদেশের কোথাও তাদের অনুষ্ঠান করতে পারেনি। কিন্তু ময়মনসিংহ–নেত্রকোনায় পেরেছে। কারণ সেখানে আমাদের আন্দোলন জোরদার ছিল। এই দুই জেলায় আমরা শিক্ষক, শিক্ষার্থী, ডাক্তার, নাগরিক সমাজ সবার সঙ্গে কাজ করেছি। ফলে এখানে যেকোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা ছিল অনেক সহজ। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত নারী জাগরণ নিয়ে, নারী উন্নয়ন নিয়ে ব্যাপক কাজ হয়েছে। এ সময় সারা দেশে কিশোর-কিশোরী, নারী-পুরুষ বৈষম্য দূরীকরণ, লিঙ্গসমতা, নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন অনিয়ম–অনাচারের বিরুদ্ধে অনেক কাজ হয়েছে। ২০০১ সালের পর এ কাজগুলো প্রায় বন্ধ হয়ে যায়। ঢাকার বস্তিগুলোতে নারীদের ওপর খুব সহিংসতা হয়। যখন আমরা বস্তিতে কাজ করা শুরু করলাম তখন এগুলো কমে এল। আসল কথা হলো, সবাইকে কাজ করতে হবে। ঘরে বসে থাকার সময় নেই
তাহমিনা হক: আমাদের মধ্যে এখনো সবকিছুকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়নি। বিবিএসের গবেষণা নিয়ে সরকার অনেক সমালোচনা করেছে। দেশের সর্বত্র কম-বেশি যৌন নির্যাতন হয়ে থাকে। এ ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। সরকারের কাছে অনুরোধ করব, সরকারের যেকোনো একটি মন্ত্রণালয় যেন যৌন নির্যাতনসহ নারীর প্রতি সহিংসতার সব রকমের তথ্য রাখে। যাতে এখান থেকে তথ্য নিয়ে অন্যরা কাজ করতে পারে। যৌন নির্যাতন হলে আমরা কথা বলি। যেহেতু সমাজে যৌন নির্যাতন আছে, তাই এ বিষয়ে আগে থেকেই সবাইকে সবকিছু জানতে–বুঝতে হবে এবং কথা বলতে হবে। আমাদের কিশোর–কিশোরীরা জানে না বন্ধুত্ব কী। প্রেম কী। ভালোবাসা কী। দেশের অনেক চলচ্চিত্র শুরুই হয় যৌন হয়রানি দিয়ে। যেমন নায়ক নায়িকাকে উত্ত্যক্ত করছে। পরে তাদের মধ্যে প্রেম হচ্ছে। কিশোর-কিশোরীরা এখান থেকে কী শিখবে? শিখবে যে নারীকে হয়রানি করলে ভালোবাসা পাওয়া যায়। যৌন নির্যাতন বা হয়রানির ক্ষেত্রে নারীরা সাধারণত অভিযোগ করে না। তাদের অভিযোগ করতে হবে। তার মানে িক নির্যাতন হচ্ছে না? এখনো অভিযোগ করার মতো পরিবেশ আমাদের তৈরি হয়নি। যত দিন যৌন নির্যাতন আইন পাস না হয় তত দিন শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে যেন উচ্চ আদালতের নির্দেশনা মানা হয়। সরকারের উচিত দ্রুত আইন পাস করা ও নীতিমালা দেওয়া। অনলাইন ও অফলাইন কিশোর–কিশোরীদের মধ্যে একটা সমন্বয় আনা দরকার। সবকিছু ঠিকভাবে করতে পারলে সহিংসতা থেকে নারী মুক্তি পাবে বলে বিশ্বাস করি।
তানিয়া হক: বাংলাদেশের প্রেক্ষাপটে গৃহ নারীর নিরাপদ আশ্রয়স্থল। কিন্তু ঘরেই তাকে অমানবিক সহিংসতার শিকার হতে হয়। প্রতিদিনের খবরের কাগজেও আমরা এসব দেখতে পাই। তাই ঘরেও নারীকে থাকতে হয় হুমিকর মুখে। যুগের পর যুগ নারীকে দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করা হচ্ছে। আর এর পরিণতি হচ্ছে ভয়াবহ সহিংসতা। আমরা িক জানি কতজন নারী ধর্ষিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়? আমরা িক জানি কতজন ধর্ষক স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক? সংবাদপত্রে কয়টা দেখা যায়? ভয়াবহ পাশবিকতার অসংখ্য ঘটনা আমরা জানতে পারি না। দিনের পর দিন এসব নীরবে নারীরা সহ্য করে যাচ্ছে। নারী নির্যাতনের ঘটনা মূলত সংবাদপত্রের মাধ্যমেই জানতে পারি। বর্তমানে নির্যাতনের খবরগুলো গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ায় ধিক্কার সৃষ্টি হচ্ছে। দেশের জনসংখ্যার বিচারে অর্ধেক নারী। কিন্তু সে অর্থে কোনো সংবাদপত্রই নারী বিষয়ের জন্য তাদের পত্রিকায় খুব বেশি জায়গা দেয় না। আবার বেশির ভাগ সংবাদপত্র ঘটনার শিকার ভুক্তভোগী নারীকেই উপস্থাপন করে। অধিকাংশ সংবাদপত্রে সপ্তাহে একদিন নারী বিষয়ে লেখা হয়। নারী পাতা না থাকলে হয়তো নারীদের বিষয় তারা লিখত না। অনেক সময় নারী নির্যাতনের সংবাদ একপেশে হয়। গণমাধ্যমকে আরও বেশি জেন্ডার সংবেদনশীল হতে হবে। নারীকে গুরুত্ব দিয়ে উপস্থাপন করতে হবে।
নারীকে যৌনতার প্রতীক হিসেবে উপস্থাপন করা যাবে না। সংবাদপত্রে নারীকর্মীর সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন। নারীকে উপকারভোগী হিসেবে না দেখে পরিবর্তনের সম্পদ হিসেবে দেখতে হবে। সহিংসতা নারী বা পুরুষের কারও জীবনের অংশ হতে পারে না। একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটছে। কিন্তু তেমন কোনো পরিবর্তন হচ্ছে না। সমাজ প্রতিনিয়ত বুঝিয়ে দেয় পুরুষ ও নারীর সুরক্ষা আলাদা। তাই নারী নির্যাতনের বিষয়ে সমাজের বিবেককে জাগিয়ে তুলতে হবে।
রণজিৎ কুমার বিশ্বাস: সমস্যা খুব অল্প সময়ে কেটে যাবে, এটি ভাবতে পারলে খুশি হতাম। কারণ সহিংসতার ইতিহাস মানব ইতিহাসের সমান পুরোনো। এখানে সমৃদ্ধ আলোচনা হয়েছে। আলোচনায় অনেক তথ্য এসেছে। সহশিক্ষার ধারণাকে সমর্থন করি। এটাতে ছাত্রছাত্রীদের মধ্যে জানাশোনা বেশি হয়। অতিরিক্ত কৌতূহলের নিবৃত্তি ঘটে। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্ন বন্ধুত্ব তৈরি হয়। ভবিষ্যতে যেসব প্রতিষ্ঠান হবে সেসব প্রতিষ্ঠান যাতে সহশিক্ষামূলক হয়, সে ব্যাপারে চেষ্টা করব। এ ধরনের গোলটেবিল যদি বারবার হয় তাহলে সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হয়। সচেতনতা তৈরি হলে সমাজের মধ্যে সহিংসতা কমবে।
‘নারীর প্রতি সহিংসতা রোধে বিনোদনমূলক শিক্ষার ভূমিকা’ শীর্ষক আজকের আলোচনায় প্রায় সবাই গণমাধ্যমের ভূমিকার কথা বলেছেন। নারীর প্রতি সহিংসতা দূর করার ক্ষেত্রে গণমাধ্যমের একটা বড় রকমের ভূমিকা রয়েছে। সমাজের সব শ্রেণির মানুষের কাছে তারা দ্রুত পেঁৗছাতে পারে। এ ক্ষেত্রে গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। কিন্তু কিছু গণমাধ্যম বেনিয়ানির্ভর। আবার কিছু গণমাধ্যমের অজ্ঞানতা রয়েছে। তার পরও গণমাধ্যম সমাজের অনেক কাজ করছে। মানুষকে সরাসরি কোনো কিছু শেখাতে চাইলে সে শিখতে চায় না। কৌশলে ও উদাহরণ দিয়ে শেখাতে হবে। যেমন কোনো একটি ছেলে কোনো মেয়ের প্রতি অশোভন ইঙ্গিত করে বা মেয়েটির শরীরে ধাক্কা দেয় বা শরীরে হাত দিয়ে পুলক অনুভব করতে চায়। ছেলেটিকে সরাসরি ধমক দিলে বা বিচারের মুখোমুখি করলে সে এ কাজ থেকে বিরত থাকবে বলে মনে হয় না। বিনোদনমূলক শিক্ষার িস্ক্রপ্ট এমন হবে যেন ওই ছেলেটিকে বোঝানো যায়, যদি অন্য একটি ছেলে তার নিজের বোনের সঙ্গে এমন আচরণ করে তাহলে তার কেমন লাগবে। বিনোদনমূলক শিক্ষার উপকরণগুলো যদি এমন ধরনের হয়, তবে এটি বেশি কার্যকর হবে বলে মনে হয়।
নজরুল ইসলাম খান: যঁারা স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এ কাজ করেছেন তঁাদের অভিনন্দন। এখন কাজের একটি ক্ষেত্র তৈরি হলো। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তুলনা করলে আগের থেকে নারী নির্যাতন কমেছে। আগে এত গণমাধ্যম ছিল না। মানুষ জানতে পারত না। এখন কিছু হলেই গণমাধ্যম সেখানে ঝঁাপিয়ে পড়ছে। এর মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। ফলে সহিংসতার ঘটনা কমছে। হয়তো সেটা আশানুরূপ নয়।
১৯৭৪ সালে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির হার ছিল ৪০ শতাংশ। এখন সেটা প্রায় ১০০ শতাংশ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রী প্রায় ৫০ শতাংশ। পরীক্ষার ফলাফলের দিক থেকে তো নারীরা এগিয়েই আছে। ছাত্রছাত্রীর সমতার দিকে এগোচ্ছি। আমাদের পঁাচটি প্রকল্প আছে। এ প্রকল্প থেকে প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের বৃত্তি দেওয়া হয়। ইদানীং ১০ শতাংশ ছেলেকে বৃত্তি দেওয়া হচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ে ৬০ শতাংশ নারীশিক্ষক। মাধ্যমিক বিদ্যালয়ে ৩০ শতাংশ। কারিগরি ও কলেজের ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছি। এখানে নারীশিক্ষক প্রায় ২০ শতাংশ। ২০৩০ সালে কারিগরি শিক্ষায় ৪০ শতাংশ নারীশিক্ষক হবে। এভাবে প্রতিনিয়ত নারীরা এগিয়ে যাচ্ছে। যাবে।
উচ্চমাধ্যমিকে মেয়েরা বেশি ঝরে পড়ে। বিশ্ববিদ্যালয়ে ছেলেরা ঝরে পড়ে বেশি। উচ্চমাধ্যমিকে মেয়েদের বিয়ের চাপ। বিশ্ববিদ্যালয়ে ছেলেদের চাকরির চাপ। বেশি আধুনিকতার ফলে যৌন চাহিদা ও আচরণের বিস্তৃতি ঘটেছে। সাধারণ শিক্ষা বা মাদ্রাসা, কে কোথায় পড়বে সেটা বড় কথা না। বিষয় হচ্ছে শিক্ষার মাধ্যমে তার আচরণ সামাজিক, সাংস্কৃতিক ও মানবিকতার পক্ষে আসছে কি না। খোঁজ নিয়ে দেখেন দেড় শ–দুশ বছর আগে আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন খ্রিষ্টান সম্প্রদায়ের শিক্ষাবিদেরা।
এখন কি এটা চিন্তা করতে পারবেন? আপনার স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে কাজ করে তাদের আচরণে পরিবর্তন এনেছেন। এটি ওয়েবসাইটে দিলে সবাই ডাউনলোড করে দেখতে পারবে। অথবা এর একটা সিডি সব স্কুলে পাঠানো যেতে পারে। এটি দেখার জন্য আমরা একটা নির্দেশনা জারি করতে পারি।
আব্দুল কাইয়ুম: বিনোদনমূলক শিক্ষার মাধ্যমে সহিংসতা দূর করার ধারণাটি ব্যতিক্রম। খুলনা অঞ্চলেন ১০টি স্কুলে এ কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রকল্পের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা দূর করার উদ্যোগ নেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট সবাই বিষয়টি ভেবে দেখবেন বলে আশা করি। দেশের অর্ধেক নারী। তাদের উন্নয়ন না হলে সার্বিকভাবে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
যাঁরা অংশ নিলেন
নজরুল ইসলাম খান : সচিব, শিক্ষা মন্ত্রণালয়
রণজিৎ কুমার বিশ্বাস : সচিব, সংস্কৃতি মন্ত্রণালয়
তানিয়া হক : সভাপতি, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
স্নেহাল সনেজি : দেশীয় পরিচালক, অক্সফাম
রোকেয়া কবির : নির্বাহী পরিচালক, বিএনপিএস
হাবিবুর রহমান : প্রোগ্রাম হেড, জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি, ব্র্যাক
কনর মলয় : কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার, অক্সফাম, নভিব
মাহফুজুল বারী : টিম লিডার, হাসাব
কল্পনা বসু : পরিচালক, ব্লাস্ট
তাহমিনা হক : অ্যাডভাইজার, জেন্ডার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন, প্ল্যান ইন্টারন্যাশনাল
ইমাম নাহিল : ন্যাশনাল প্রোগ্রাম অফিসার, এডুকেশন অ্যান্ড জেন্ডার, অক্সফাম
জিনাত আরা হক : ন্যাশনাল কো–অর্ডিনেটর, উই ক্যান
সঞ্চালক
আব্দুল কাইয়ুম : সহযোগী সম্পাদক, প্রথম আলো