নারীর প্রতি সহিংসতা রোধ করতে হবে তরুণদের

কম বয়সে মেয়েদের বিয়ে বন্ধ, কম বয়সে গর্ভধারণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে তরুণদের। তরুণেরাই এসব রুখে দিতে পারেন। কারণ, বাংলাদেশের বর্তমান জনগোষ্ঠীর এক-চতুর্থাংশই তরুণ।
আজ সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইউএনএফপিএ আয়োজিত কন্যাশিশুর বিবাহ, অল্প বয়সে গর্ভধারণ এবং নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা তৈরির লক্ষ্যে অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম বলেন, প্রথমে নারীদের উচ্চশিক্ষিত করার সুযোগ করে দিতে হবে। তাহলে তাঁরা নিজেরাই এই সহিংসতা রোধ করতে পারবেন। তিনি আরও বলেন, নারীদের অধিকার প্রতিষ্ঠায় সহায়তা প্রদান ও জাতির ভবিষ্যেক বদলে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে একসঙ্গে কাজ করে যেতে হবে।
অনুষ্ঠানে ইউএনএফপিএর বাংলাদেশে নিযুক্ত প্রতিনিধি আর্জেন্টিনা ম্যাটাভেল পিসিন বলেন, বাংলাদেশে ৬৪ শতাংশ মেয়েরই ১৮ বছরের আগেই বিয়ে হয়ে যায়। বাংলাদেশকে এগিয়ে নিতে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক বলেন, বাংলাদেশে তরুণেরা সব সময় ভালো কাজের সঙ্গে থেকেছে। তাই তরুণেরা এই চ্যালেঞ্জ সঠিকভাবে মোকাবিলা করবে বলে আশা করা যায়। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক গণেশ চন্দ্র সরকার, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও মডেল নোবেল।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনলাইন আলোকচিত্র প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। ৪০০ তরুণের মধ্যে থেকে নানা পর্বে বাছাইয়ের পর ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় অতিথিরা পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় প্লাবন গঙ্গোপাধ্যায় প্রথম, সাইফুল আজিজ দ্বিতীয় ও ফরিদ আলম খান তৃতীয় হয়েছেন । তাঁদেরকে ৩০, ২০ ও ১০ হাজার টাকার চেক ও সনদ প্রদান করা হয়।
এ ছাড়া বিজয়ী হুজ্জাতুল মুরসালিন, আবু রাসেল, তুকহান আল নাহিয়ান, তানিয়া আক্তার, সুমন ইউসুফ, খালেদ রায়হান ও পিনু রহমানকে সনদ ও পাঁচ হাজার টাকার চেক প্রদান করা হয়।