নারীর প্রতি সহিংসতা রোধের কাজটি ঘর থেকেই শুরু করতে হবে। কারণ, নির্যাতনকারী পুরুষ কোনো না কোনো নারীর সন্তান বা ভাই। যদি ঘরে বেড়ে ওঠা পুরুষটির মধ্যে নারীর প্রতি শ্রদ্ধা দেখাতে শেখানো যায়, তাহলে সে বাইরের কোনো নারীর প্রতি অসমঞ্চান দেখাবে না। এ ছাড়া প্রতিটি মায়ের উচিত হবে তাদের সন্তানদের ভালো ছাত্র হিসেবে তৈরি করার পাশাপাশি তার মধ্যে মানবিক গুণাবলি সৃষ্টি করা। তাদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা। তাহলে তাদের মধ্যে সামাজিক দায়বোধ তৈরি হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন এবং মানববন্ধন শেষে সমাবেশে বক্তারা ওই সব কথা বলেন। গতকাল শুক্রবার মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখা। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। মহিলা পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভানেত্রী নমিতা দাশের সভাপতিত্বে এবং মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর পুষ্পিতা দেব ও মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদিকা রুহেনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ গজনফর আলী চৌধুরী, সাবেক নারী সাংসদ সৈয়দা হাসনা বেগম, সাবেক সাংসদ হোছনে আরা ওয়াহিদ, মৌলভীবাজার আড়াই শ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দীনেশ সূত্রধর, উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মকবুল হোসেন প্রমুখ। বক্তারা সম্প্রতি শিশুসহ নারী ধর্ষণ ও নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেন, অবিলম্বে নারী হত্যা ও নির্যাতন বন্ধে এবং নারীর নিরাপত্তা বিধানে সরকারকে সব ধরনের পদক্ষেপ নিতে হবে।