নারীর প্রতি সহিংসতা রোধে আইন হালনাগাদ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারীর প্রতি সহিংসতা বন্ধের ক্ষেত্রে যেসব আইন রয়েছে, সরকারকে সেগুলো সংশোধনসহ হালনাগাদ করতে হবে। আর আইন বাস্তবায়নে সরকার ও প্রশাসনকে বাধ্য করার মতো আন্দোলন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গতকাল বৃহস্পতিবার ‘পারিবারিক সহিংসতা: ব্যক্তিগত নয় রাজনৈতিক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৪ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ যৌথভাবে এই আলোচনা সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, ‘আমরা দেখি নারী যখন রাস্তাঘাটে যৌন নিপীড়নের শিকার হয়, তখন পরিবার থেকে মেয়েটির ওপরই অভিযোগ এসে পড়ে। সে ক্ষেত্রে মেয়েটিকে আমরা দোষী করে বখাটেদের পার পাইয়ে দিই। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে তিনি আইন হালনাগাদ করার পাশাপাশি তা বাস্তবায়ন করতে সামাজিক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন।
মূল প্রবন্ধে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারীর ব্যক্তি অধিকারের প্রতিটি ক্ষেত্রে সব কিছুই অর্জন করে নিতে হয়। এই প্রক্রিয়ায় নাগরিক জীবন ও ব্যক্তিজীবনের মাঝে একটি বিশেষ ধরনের প্রাচীর তুলে নারীর এই অধিকারকে গুরুত্বহীন করার একটি প্রয়াস আছে। এই প্রয়াসটিই নারীবিরোধী রাজনীতি ও সংস্কৃতি। এই অভিজ্ঞতায় আবার উচ্চারিত হলো কোনো কিছুই ব্যক্তিগত নয়—সব কিছুই রাজনৈতিক।
বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া বলেন, নারীর অবস্থার উন্নয়নে ‘ক্ষমতার সম্পর্ক’ থেকে বের হয়ে আসতে হবে। গণমাধ্যমে নারীকে পণ্য হিসেবে উপস্থাপনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ইউএন উইমেনের প্রতিনিধি ফারজানা আহমদ বলেন, নারীর প্রতি সহিংসতা থেকে বের হয়ে আসতে হলে প্রয়োজন প্রচণ্ড ইচ্ছাশক্তি।
প্যানেল আলোচক হিসেবে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আয়শা বানু বলেন, পারিবারিক সহিংসতা রোধে নারী যে মানুষ এই বোধটা সবার মাঝে সঞ্চারিত হওয়া সবচেয়ে জরুরি।
সভাপতির বক্তব্যে এই বিভাগের চেয়ারপারসন তানিয়া হক বলেন, নারীদের জন্য আজ ঘর নিরাপদ নয়, নিরাপদ নয় শিক্ষাঙ্গন ও কর্মক্ষেত্র। এ অবস্থা থেকে বের হয়ে আসতে হলে প্রত্যেককে পাল্টাতে হবে।