নারীর প্রতি সহিংসতা বা নির্যাতনের বিচারের জন্য বিদ্যমান আইনে অনেক ফাঁকফোকর আছে বলে মন্তব্য করেছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। তিনি মনে করেন, জন-আন্দোলনই পারে এ ধরনের আইন বদলাতে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে চিকিত্সক, আইন প্রয়োগকারী সংস্থা ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিকারে চিকিত্সক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সুশীল সমাজের ভূমিকাবিষয়ক সেমিনারের আয়োজন করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।সুলতানা কামাল বলেন, ‘আমি শাহবাগের প্রতিবাদী তরুণ সমাজকে অন্তরের অন্তস্তল থেকে স্বাগত জানাই। আজকে যাদের বিচার করা হচ্ছে, তারা একাত্তর সালে নারী নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের মতো জঘন্যতম অপরাধ করেছে। তাদের বিচারের জন্য তরুণেরা নিজস্ব উদ্যোগে একটি প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে।’ ‘আর আইন নয়, এবার আইনের যথাযথ প্রয়োগ চাই। নারীর প্রতি সহিংসতা রোধে সরকার ও প্রশাসনের আন্তরিক সাহায্য চাই’—এ কথা বললেন ড. মাখদুমা নার্গিস।পুলিশের উপমহাপরিদর্শক (ক্রাইম) হেলাল উদ্দিন বদরী বলেন, নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে। প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, ‘আজ ১০ দিন যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তরুণ প্রজন্ম একটা আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আদর্শকে সামনে রেখে চললে কোনো অপরাধ করা সম্ভব নয়।’