নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা নিয়ে সাভারে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের সমাজে নারীরা এখনো অবহেলিত ও নির্যাতিত। নারী নির্যাতন প্রতিরোধ সরকারের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য দরকার সবার সম্মিলিত প্রচেষ্টা। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের ভূমিকা ব্যাপক।গতকাল মঙ্গলবার রাজধানীর অদূরে সাভারে ‘নারীর প্রতি সহিংসতা রোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক শচীন্দ্রনাথ হালদার এসব কথা বলেন। ইউএনএফপিএর অর্থায়নে জেলা তথ্য অফিস এ কর্মশালার আয়োজন করে।সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন সরদারের সভাপতিত্বে সাভার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক বিধানচন্দ্র কর্মকার, জেলা তথ্য অফিসের উপপরিচালক তৈয়ব আলী ও সাভারের সদ্য বদলি হয়ে যাওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন।কর্মশালায় পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন এবং জাতীয় নারী উন্নয়ন নীতি নিয়ে আলোচনা করেন বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপপরিচালক মাহবুবা ফারজানা। জাহিদ হোসেন বলেন, তথ্যপ্রযুক্তি সংবাদমাধ্যমগুলোকে সমৃদ্ধ করেছে। সামাজিক অপরাধের যেকোনো চিত্র প্রকাশ করতে এখন আর সাংবাদিকদের দ্বারে দ্বারে ধরনা দেওয়ার প্রয়োজন নেই। কর্মশালায় সাভার ও ধামরাইয়ের বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকা এবং অন্যান্য সংবাদমাধ্যমের ২৫ জন কর্মী অংশ নেন।