নারীর প্রতি সহিংসতা শীর্ষক কর্মশালা
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। অভিযুক্ত ও বঞ্চিত উভয় পক্ষের বক্তব্য নিয়ে লিখতে হবে। এ ক্ষেত্রে কোনো অবস্থায়ই নারীর নাম ও ছবি প্রকাশ করা যাবে না। গণমাধ্যমকর্মীরাই পারে অসহায় নারীদের পাশে দাঁড়াতে। তাই সতর্কতার সঙ্গে এ ধরনের সংবাদ পরিবেশন করতে হবে। গতকাল বুধবার ‘নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা জেলা তথ্য অফিসের উদ্যোগে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশের সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের এস এ বারী সম্মেলনকক্ষে ওই কর্মশালা হয়। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসান। অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর ও সাংবাদিক মিজানুর রহমান চৌধুরী। কর্মশালায় জেলা প্রশাসক মো. রেজাউল আহসান বলেন, ‘সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকতার নীতিমালা মেনে চলা উচিত। নারী ও শিশুবিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যত্নবান হলে সমাজ উপকৃত হবে।’