নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
সিলেটে ছাত্রলীগ নেতার হামলার শিকার খাদিজা বেগমসহ সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনায় মানববন্ধন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। গতকাল শুক্রবার সকালে শহরের পিকচার প্যালেস মোড়ে কমিটির খুলনা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
সনাক খুলনার সদস্য ও জেন্ডার উপকমিটির আহ্বায়ক রোজী রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর দায় না দিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার হতে হবে। আর দোষীদের স্বল্প সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। প্রয়োজনে আইন সংশোধন করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য দেন সনাক খুলনার সহসভাপতি শামীমা সুলতানা, সদস্য আজাদুল হক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী মোমিনুল ইসলাম, খুলনা শিশুমঞ্চের পরিচালক নাদিম উল আলম, আইনজীবী মামুনুর রশীদ প্রমুখ।