নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ান
মার্শিয়া বার্নিকাট, লিওনি মারগারেথা কুলেনারে, এলিসন ব্লেইক, পামপিমন সুয়ানাপোনে, জুলিয়া নিব্লেট, মিকায়েল হেমনিতি উইনথার, সিডসেল ব্লেকেন, রেনে হোলেসটাইন, শারলোটা স্লাইটার, রেনশে টিয়েরিনক, মিয়া সেপো, ইওরি কাতো, শোকো ইশিকাওয়া, ইয়ানিনা জারুযেলস্কি, ক্রিস্টা রাডার
আমরা একত্র হয়ে যেসব নারী সহিংসতার শিকার হয়েছেন, তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করছি; আমরা সেই সব নারী, মেয়ে ও বন্ধুর পাশে দাঁড়াচ্ছি, যাঁরা সাহসের সঙ্গে হয়রানি, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। আর যাঁদের সোচ্চার প্রতিবাদের সুযোগ নেই, যাঁরা লজ্জিত বোধ করছেন এবং বাকি যাঁরা নীরবে থাকতে বাধ্য হচ্ছেন, আমরা তাঁদের পাশে দাঁড়াচ্ছি।
নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে একত্রে দাঁড়াতে আমরা বাংলাদেশ এবং সারা বিশ্বের সবাইকে আহ্বান জানাচ্ছি। আমরা বাংলাদেশের পাশে একসঙ্গে দাঁড়িয়েছি। নারীর প্রতি সহিংসতার হার বাংলাদেশে অনেক বেশি। কিন্তু এটা এমন একটা বিষয়, যা আমাদের নিজেদের দেশ এবং সারা বিশ্বের সম্প্রদায়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
আমরা এক হয়ে বলতে চাই যে বাংলাদেশে শুধু ২০১৭ সালেই ৬০০-এর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে। ৬০০ অনেক বড় একটি সংখ্যা। আমরা আলোকপাত করতে চাই ৭০ শতাংশ সহিংসতার ঘটনার ওপর, যার কখনো সংবাদমাধ্যমে প্রকাশ পায় না। যে নারীরা উপেক্ষিত, নিশ্চুপ, হুমকিপ্রাপ্ত অথবা লজ্জিত, আমরা তাঁদের দেখছি এবং তাঁদের কথা শুনছি। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচারব্যবস্থার প্রতিটি স্তরকে আহ্বান জানাচ্ছি বিচারব্যবস্থাকে আরও সাড়াদায়ক এবং ভুক্তভোগীদের জন্য আরও সমর্থনযোগ্য করতে।
আমরা একত্র হয়ে এই দাবি জানাই যে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান হয়রানিমুক্ত হোক। বিশ্ববিদ্যালয়ের ৭৬ শতাংশ মেয়ে শিক্ষার্থী হয়রানির শিকার হন, যাঁদের একটি নিরাপদ ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ প্রাপ্য। আমরা আমাদের তৃতীয় লিঙ্গের বন্ধুদের পাশে একসঙ্গে দাঁড়াচ্ছি, যাঁরা তাঁদের পরিবারের কাছে অবহেলিত এবং গৃহহীন অবস্থায় রয়েছেন, বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। আপনারা জেনে রাখুন যে আপনারা সম্মানিত, প্রশংসিত ও ভালোবাসার যোগ্য।
নারীর প্রতি সহিংসতা একটি অপরাধ। এটা নৈতিকতা, আইন ও ধর্মীয় মানদণ্ড লঙ্ঘন করে। এটা আমাদের যুক্তি ও চেতনাকে আঘাত করে। যেহেতু নারীর প্রতি সহিংসতা অসহনীয়, তাই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের এই কর্মসূচিতে আমাদের সঙ্গে যোগ দিন।
প্রতিবছর ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিনের এই কর্মসূচি পালন করা হয় এটা মনে করিয়ে দিতে যে বছরের প্রতিটি দিন নারীরা সহিংসতার শিকার হয়। ১৬ দিনের এই কর্মসূচির সময় মনে রাখা জরুরি যে প্রতিটি ব্যক্তি নারীর প্রতি সহিংসতা রোধে একজন সোচ্চার কর্মী হতে পারেন, হয়ে উঠতে পারেন পরিবর্তনের দূত।
সব বাবা, ছেলে, ভাই ও স্বামী, সব শিক্ষক ও পরামর্শদাতা, সব ধর্মীয় নেতা, পুলিশ কর্মকর্তা, সেনা, বিচারক ও রাজনীতিবিদ, সব কর্মী ও মিত্র; সবাই নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে এক হয়ে দাঁড়ান।
আমরা আপনাদের আহ্বান জানাচ্ছি, নারী ও মেয়েদের প্রতি যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে নিন্দা জানান। আমরা আপনাদের একসঙ্গে এবং প্রতিশ্রুতবদ্ধ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠান, বাসা ও কর্মক্ষেত্র সহিংসতামুক্ত রাখার আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদের আহ্বান জানাই যেকোনো সহিংসতার খবর সবাইকে জানিয়ে দিন। আমরা আপনাদের একত্র হতে আহ্বান জানাচ্ছি। আপনাদের পরিচিত সব নারীর কাছে এই বার্তা পৌঁছে দেবেন যে আপনারা নারীর প্রতি সহিংসতা সহ্য করবেন না। আমাদের সঙ্গে যোগ দিয়ে সবাই পরিবর্তনের দূত হয়ে উঠুন।
লেখকেরা বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তা।
মার্শিয়া বার্নিকাট: বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত; লিওনি মারগারেথা কুলেনারে: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত; এলিসন ব্লেইক: যুক্তরাজ্যের রাষ্ট্রদূত; পামপিমন সুয়ানাপোনে: রাষ্ট্রদূত, রয়াল থাই দূতাবাস; জুলিয়া নিব্লেট: অস্ট্রেলিয়ার হাইকমিশনার; মিকায়েল হেমনিতি উইনথার: ডেনমার্কের রাষ্ট্রদূত; সিডসেল ব্লেকেন: নরওয়ের রাষ্ট্রদূত; রেনে হোলেসটাইন: সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত; শারলোটা স্লাইটার: সুইডেনের রাষ্ট্রদূত; রেনশে টিয়েরিনক: ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত; মিয়া সেপো: বাংলাদেশে ইউএন রেসিডেন্ট কো-অর্ডিনেটর; ইওরি কাতো: কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ); শোকো ইশিকাওয়া: কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, ইউএন উইমেন বাংলাদেশ; ইয়ানিনা জারুযেলস্কি: মিশন প্রধান, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা (ইউএসএআইডি); ক্রিস্টা রাডার: প্রতিনিধি, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।]