নারীর প্রতি সহিংসতারোধে আইনের প্রয়োগ নিশ্চিত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর প্রতি সহিংসতারোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এবং প্রয়োজনে আইন সংশোধনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন দেশের আইন প্রণেতারা। ‘এন্ডিং দ্য সাইকেল অব ভায়োলেন্স অ্যাগেইনস্ট গার্লস ইন এশিয়া-প্যাসিফিক’ শীর্ষক সেমিনারে গতকাল বুধবার তাঁরা এ আহ্বান জানান।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশ জাতীয় সংসদ ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত এই সেমিনারের গতকাল ছিল দ্বিতীয় দিন।

গতকালের সেমিনারে স্বাগত বক্তব্য দেন কানাডার সিনেটর ও আইপিইউ নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সালমা আতাউল্লাহজান। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতারোধে নারী-পুরুষ সবাইকে সম্পৃক্ত করতে হবে। উন্নত-অনুন্নত, সব দেশেই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে নারী-পুরুষ সবার দৃষ্টিভিঙ্গর পরিবর্তন করতে হবে। সংসদ এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সাংসদ সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের দ্বিতীয় পর্বে আলোচক হিসেবে অংশ নেন ফজিলাতুন নেসা ইন্দিরা ও কম্বোডিয়ার আইন প্রণেতা সান সাফোয়ুন। উন্মুক্ত আলোচনায় অংশ নেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ বিভিন্ন দেশের আইন প্রণেতারা।

স্পিকার বলেন, ‘নারীর প্রতি সহিংসতারোধে আমাদের দেশে আইন আছে। আইনের প্রয়োগে আইন প্রয়োগকারী সংস্থাকে আন্তরিক হতে হবে। পাশাপাশি সাংসদদের ওপর অর্পিত দায়িত্ব তাঁদের যথাযথভাবে পালন করতে হবে।’

সেমিনারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ইরান, আফগানিস্তান, মালয়েশিয়া, ভুটান, কম্বোডিয়া, কিরিবাতি, সামোয়া, টোঙ্গা ও ভিয়েতনামের আইন প্রণেতারা অংশ নেন। আজ সেমিনারের সমাপনী দিন।