নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধে সবাইকে সোচ্চার হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেছেন, শুধু কিছু বেসরকারি সংস্থার (এনজিও) কর্মীর পক্ষে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। প্রত্যেককে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দেশের নারীদের অগ্রগতি পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থার প্রতি চ্যালেঞ্জ বলে নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) সাসাকাওয়া মিলনায়তনে এক সেমিনারে সুলতানা কামাল এসব কথা বলেন। ‘দ্য চ্যালেঞ্জস অব এনজিও ওয়ার্কার্স ইন রেসপন্ডিং টু ভায়োলেন্স অ্যাগেইনস্ট ওমেন অ্যান্ড গার্লস: দ্য ওয়ে ফরওয়ার্ড’ শিরোনামে ব্র্যাক ও আইসিডিডিআরবির যৌথ গবেষণায় প্রাপ্ত তথ্য জানাতে এ আয়োজন করা হয়।
সেমিনারে সুলতানা কামাল আরও বলেন, এনজিওগুলোর মধ্যে আরও যোগাযোগ গড়ে তোলা দরকার। তাহলে মাঠপর্যায়ে নারীর প্রতি সহিংসতা নিয়ে কাজ করতে গিয়ে তারা কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে, তা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে।
সেমিনারে জানানো হয়, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিয়ে কাজ করার ক্ষেত্রে এনজিও কর্মীরা অপরাধীর পরিবার, সমাজ এবং প্রাতিষ্ঠানিক দিক থেকে বাধার সম্মুখীন হন। এ ছাড়া অপরাধীরা স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে জোট বেঁধে এনজিও কর্মীদের শাসান এবং ভুক্তভোগীদের অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করে থাকেন। অপরাধীদের গালিগালাজ এবং প্রকাশ্য হুমকির কারণে এনজিও কর্মীদের কাজ এবং সামাজিক অবস্থান ক্ষতিগ্রস্ত হয়। বাধাসমূহ দূর করতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা, এনজিওগুলোর মধ্যে সমন্বয় গড়া, কর্মীদের সহায়তা করতে সামাজিক সচেতনতা বাড়ানো, স্বেচ্ছাসেবকদের জন্য আরও প্রশিক্ষণের ব্যবস্থার মতো পদক্ষেপের সুপারিশ করা হয় সেমিনারে।
সেমিনারে আরও বক্তব্য দেন ব্র্যাকের জেন্ডার, জাস্টিস, ডাইভার্সিটি অ্যান্ড অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ বিভাগের পরিচালক শিপা হাফিজা, আইসিডিডিআরবির উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা আকতার প্রমুখ।