দক্ষিণ এশিয়ার নারীর বিরুদ্ধে সহিংসতা রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস (এসএএইচআর)। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে গতকাল এক বিবৃতিতে এসএএইচআর এ আহ্বান জানায়।মানবাধিকার সংস্থা সাউথ এশিয়ানস ফর হিউম্যান রাইটস আন্তর্জাতিক নারী দিবসের বাণীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে এই বিবৃতি দেয়। এতে বলা হয়, এ বছর ‘অঙ্গীকার শুধুই অঙ্গীকার: এখনই নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধের উপযুক্ত সময়’ প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে, যা দুর্ভাগ্যজনকভাবে দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক।এসএএইচআর বলেছে, গত এক বছরে পাকিস্তানে নারীশিক্ষা আন্দোলনের অকুতোভয় কিশোরীকে হত্যার চেষ্টা করা হয়েছে। ভারতের দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সৌদি আরবে শ্রীলঙ্কার এক গৃহপরিচারিকার শিরশ্ছেদ করা হয়েছে। এসব ঘটনা নারীর বিরুদ্ধে সহিংসতাকেই নির্দেশ করে। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এসএএইচআর বলেছে, দক্ষিণ এশিয়ার বিভিন্ন সমাজে নারীদের সমতা ও মুক্তির দৃষ্টিভঙ্গির বিষয়ে পরিবর্তন ঘটানোর প্রয়াস অব্যাহত রাখতে হবে। বিজ্ঞপ্তি।