নারীর মর্যাদা বাড়াতে পাল্টাতে হবে দৃষ্টিভঙ্গি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে উপস্থিতরা প্ল্যাকার্ড তুলে ধরে নারীর প্রতি মনোভাব বদলানোর অঙ্গীকার করেন । প্রথম আলো
অনুষ্ঠানে উপস্থিতরা প্ল্যাকার্ড তুলে ধরে নারীর প্রতি মনোভাব বদলানোর অঙ্গীকার করেন । প্রথম আলো

অবদানের স্বীকৃতি দিয়ে নারীর মর্যাদা বাড়াতে হবে। পাল্টাতে হবে নারীর প্রতি পরিবার, সমাজ ও রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। এই দুটি মূল লক্ষ্য সামনে রেখেই তিন বছর ধরে চলবে ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক প্রচার অভিযান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বুধবার নারীর মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই প্রচার অভিযানের সূচনা ঘোষণা করেন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত অতিথি ও শ্রোতা-দর্শকেরা সমতা আনতে নিজেদের বদলানোর অঙ্গীকার করেন। তাঁরা ‘নারীর সমমর্যাদা উপেক্ষা করেছি, আমরা দুঃখিত’ এবং ‘সমমর্যাদার অঙ্গীকার চলো পাল্টাই’ লেখা প্ল্যাকার্ড তুলে ধরে প্রচার অভিযানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । প্রথম আলো
অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ । প্রথম আলো

মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) এবং এর ১২২টি সহযোগী সংগঠনের সঙ্গে সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এই প্রচার অভিযান শুরু করেছে।
কর্মসূচির সাফল্য কামনা করে রাষ্ট্রপতি বলেন, সরকার নারীর অধিকার রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কিন্তু পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা বঞ্চিত হচ্ছেন।
সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান থাকলেও দৃষ্টিভঙ্গির কারণে নারীর যথাযথ মূল্যায়ন হচ্ছে না বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, নারীর কাজের স্বীকৃতি দেওয়া ও এর অর্থমূল্য নিরূপণ করার এখনই সময়। রাষ্ট্রপতি বলেন, জাতীয় উৎপাদনে (জিডিপি) নারীর অবদান ২০ শতাংশ, এর সঙ্গে গৃহস্থালির কাজ অন্তর্ভুক্ত করলে অবদান হবে ৪৮ শতাংশ।
ভাষণের শুরুতে রাষ্ট্রপতির একটি কথায় মিলনায়তনজুড়ে হাসির রোল পড়ে যায়। রাষ্ট্রপতি বলেন, যাঁদের আমন্ত্রণে তিনি এসেছেন তাঁরা হলেন মাহফুজ আনাম ও শাহীন আনাম। মাহফুজের কাছ থেকে আনাম অংশটি নিয়েছেন শাহীন, কিন্তু শাহীনের নামের অংশ মাহফুজকে নিতে হবে। তাহলেই বলা যাবে সমান সমান।
সভাপতির বক্তব্যে এমজেএফের পরিচালনা পরিষদের সদস্য অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘দেশের আর্থসামাজিক উন্নয়নে যেসব সূচকে অগ্রগতি হয়েছে এবং যেসব কারণে বাংলাদেশকে “উন্নয়নে বিস্ময়” বলা হয় সেগুলোর নেতৃত্ব দিয়েছেন নারীরা। অন্যদিকে নারী নির্যাতন, বাল্যবিবাহ, নারীর প্রতি বৈষম্যসহ যেসব বিষয় নারীদের আয়ত্তে নেই সেগুলোতে দেশ পিছিয়ে আছে।’
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নারী ও শিশু আইনটি কঠোর হওয়ায় কেউ কেউ সুফল পাচ্ছেন। কিন্তু আইনটির বেশ অপপ্রয়োগ হচ্ছে। এটির মূল্যায়ন, বিশ্লেষণ এবং সঠিক প্রয়োগ নিশ্চিত করলে নারীর প্রতি সহিংসতা কমে আসবে।
মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ আগামী তিন বছর যার যার অবস্থান থেকে এই প্রচার অভিযানকে সহায়তা করার আহ্বান জানান।
স্বাগত বক্তব্যে এমজেএফের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারীর অবদান নিয়ে অনেক গবেষণা হয়েছে। প্রচারমাধ্যম বিষয়টি তুলে ধরছে। কিন্তু এ বিষয়ে জনমত গঠন করে সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টানো এবং নীতিনির্ধারক পর্যায়ে চাপ সৃষ্টির কাজটি আজও হয়নি। তিনি বলেন, মর্যাদায় গড়ি সমতা প্রচার কার্যক্রমের মূল লক্ষ্য সরকারি পর্যায় থেকে নারীর অবদানের স্বীকৃতি দেওয়া।
অনুষ্ঠানে প্রচার অভিযানের সঙ্গে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য দেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনাম এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি মনজুরুল আহসান বুলবুল। প্রচার অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন বিজ্ঞাপনী সংস্থা মাত্রার চেয়ারম্যান অভিনেতা ও মিডিয়া ব্যক্তিত্ব আফজাল হোসেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদান নিয়ে একটি তথ্যচিত্রও দেখানো হয়। এ ছাড়া রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই প্রচার অভিযানের ওয়েবসাইট উদ্বোধন করেন।