নারীর মানবিক উন্নয়ন ঈর্ষণীয় ক্ষমতায়নের জায়গাটি এখনো দুর্বল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আয়োজক ও অতিথিরা। ছবিটি আজ রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা।  ছবি: জাহিদুল করিম
প্রথম আলো ও ইউএনএফপিএ আয়োজিত ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আয়োজক ও অতিথিরা। ছবিটি আজ রাজধানীর কারওয়ান বাজারের প্রথম আলো কার্যালয় থেকে তোলা। ছবি: জাহিদুল করিম

বাংলাদেশে গত দুই দশকে মানবিক খাতে নারীর ঈর্ষণীয় অগ্রগতি হয়েছে। কিন্তু ক্ষমতায়নের জায়গাটি এখনো দুর্বল। কিছু ব্যতিক্রম ছাড়া পরিবার থেকে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। নারী ব্যাপকভাবে নির্যাতনের শিকার, সম্পদে তাদের অধিকার নেই বললেই চলে।

আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে আজ শনিবার প্রথম আলো-ইউএনএফপিএ ‘নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন’ শিরোনামে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করে। আলোচনার সূচনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। তিনি বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য খাতে নারীর যে অগ্রগতি, তাতে আমরা স্বস্তি পেতে পারি। কিন্তু অত্যাচার-নির্যাতন খুব একটা কমেনি। সমাজের ভেতরেই সংকট রয়ে গেছে।’

প্রথম আলো কার্যালয়ে আয়োজিত ওই বৈঠকে আলোচকেরা বলেন, নারী সক্ষমতা অর্জন করেছে, কিন্তু ক্ষমতায়িত হয়নি। ক্ষমতায়িত করতে হলে রাজনীতিতে নারীকে ব্যাপকভাবে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। ক্ষমতায়নের জন্য রাষ্ট্র যদি একটি কাঠামো দাঁড় করায়, তাহলেই কেবল নারীদের জন্য উন্নয়ন টেকসই হতে পারে।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা বৈঠকে নারীর স্বাস্থ্য, শিক্ষা, ক্ষমতায়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘১৮-র আগে বিয়ে নয়, এ দাবির সঙ্গে আমি একমত। প্রয়োজনে বিয়ের বয়স বাড়ানো হোক।’ তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়নে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তিনি নারী উন্নয়নে উন্নয়ন সহযোগী ও নারী আন্দোলন যাঁরা করছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারীরা কাজ করতে প্রস্তুত, কিন্তু অনেক ক্ষেত্রে সহযোগিতা পায় না। সহযোগিতার জন্য ওপরের দিকে তাকিয়ে থাকতে হয়, অনেকেরই মনোভাব এমন, যেন করুণা করছেন।

সিডওর সাবেক চেয়ারপারসন সালমা খান বলেন, একেবারে শীর্ষ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অল্পসংখ্যক নারীর আছে। কিন্তু রাষ্ট্রকে আট কোটি নারীর কথা চিন্তা করতে হবে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, নারী নিজের প্রয়োজনে শ্রমবাজারে যুক্ত হয়েছে, কেউ তার আসার পথ তৈরি করে দেয়নি। কিন্তু নারী উন্নয়ন যদি পদ্ধতি ধরে না এগোয়, তাহলে তা টেকসই হবে না। নারীর প্রতি পুরুষের যে মনোভাব তা এখনো অনেক নিচে পড়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশনের উপসমন্বয়ক ও প্রধান গবেষক মাহীন সুলতান বলেন, নারী নির্যাতন এখনো অনেকের চোখে খুব স্বাভাবিক বিষয়। যাঁরা স্বাভাবিক বলে মনে করেন, তাঁদের মধ্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন।

আইন কমিশনের সদস্য এম শাহ আলম বলেছেন, গত দুই দশকে সুপ্রিম কোর্ট নারীদের অধিকার রক্ষায় অনেকগুলো রায় দিয়েছেন। এই রায়গুলোর সুফল যাতে নারীরা পান, সে জন্য তাঁরা একটি প্রতিবেদন তৈরি করে রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন দুই বছর আগে।

চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন, ধর্ম নিয়ে কথা বলার আগে নারীদের ধর্ম সম্পর্কে ভালোভাবে জেনে বুঝে নেওয়া উচিত। গণমাধ্যমের কর্মীদেরও নিজেদের সম্মান বাঁচিয়ে কাজ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

বাল্যবিবাহের কারণে বাংলাদেশের নারীরা উচ্চশিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, অপুষ্টিতে ভুগছে এবং প্রসব–পরবর্তী সমস্যায় ভুগছে; বিয়ের বয়স আরও কমানো হলে দেশ ধ্বংসের মুখে পড়বে বলে মন্তব্য করেন ব্র্যাকের জেন্ডার, জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি অ্যান্ড মাইগ্রেশন কর্মসূচির প্রধান শীপা হাফিজা।

পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বাল্যবিবাহ রোধে নারীদের নিরাপত্তা ও উচ্চশিক্ষা পর্যায়ে বৃত্তির ব্যবস্থা করার কথা বলেন। তিনি জানান, ঝরে পড়ার কারণে বাংলাদেশে উচ্চশিক্ষা খাতে পুরুষ-নারীর অনুপাত ১০০:৬৬, ভারতে ১০০:৭৩ এবং শ্রীলঙ্কায় ১০০:১৯২।

বাংলাদেশে ইউএনএফপিএর জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক শামিমা পারভিন বলেন, মন্ত্রণালয়গুলো জেন্ডার সংবেদনশীল বাজেট করছে, টাকা বরাদ্দ রাখছে ঠিকই, কিন্তু টাকাটা কোথায় কীভাবে ব্যয় হচ্ছে, তা দেখছে না।

নারী নির্যাতন রোধে সরকারের মাল্টি সেক্টরাল প্রোগ্রামের পরিচালক আবুল হোসেন বলেন, নির্যাতনের শিকার হয়ে যে একবার আদালতে যাচ্ছে, সে আর দ্বিতীয়বার যেতে চায় না। তাই নারীর সুবিচার পাওয়ার সুযোগটা খুব সীমিত হয়ে যাচ্ছে।

বাংলাদেশ পুলিশের সহকারী মহাপরিদর্শক রখফার সুলতানা খানম জানান, নির্যাতনের শিকার নারীদের সেবা দিতে পুলিশ আলাদা একটি বিভাগ চালু করেছে। এই বিভাগের সব কর্মকর্তাও নারী।

তরুণদের প্ল্যাটফরমের ইউএনওয়াইএপির সদস্য নেওয়াজ শরীফ বলেন, সব কর্মসূচিতে তরুণদের যুক্ত করতে হবে। তরুণদের বিরুদ্ধে যেমন নারী নির্যাতনের অভিযোগ ওঠে, তেমন প্রতিরোধও করে তরুণেরা।

একই প্ল্যাটফরমের সদস্য মুনতাকা নুসরাত বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে তরুণদের কাছে যৌনজীবন ও প্রজননবিষয়ক সঠিক তথ্য পৌঁছাতে হবে।

ইউএনএফপিএর মাতৃস্বাস্থ্য বিশেষজ্ঞ শামিনা শারমিন বলেন, কিশোর–কিশোরীদের যৌনজীবন ও প্রজনন স্বাস্থ্য অধিকার নিয়ে সরকার নীতিমালা করেছে, কিন্তু তারা কতটা সেবা পাচ্ছে, সেটা দেখা হচ্ছে না।

আলোচকেরা নারী উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা বলেন। এটিএন বাংলার বার্তা সম্পাদক শাহনাজ মুন্নী বলেন, দুই দশকে গণমাধ্যমে নারীর উপস্থিতি বেড়েছে। তবে সনাতন ধ্যানধারণা থেকে মাধ্যমগুলো এখনো ততটা বেরোতে পারেনি।

গোলটেবিল বৈঠকটি সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। উপস্থিত ছিলেন ইউএনএফপিএর জাতীয় কর্মসূচি ব্যবস্থাপক আসমা আকতার, নারীপক্ষের সদস্য রাশিদা হোসেন।