নারীর মুক্তি এলেই সমাজে অনেক কিছুর অগ্রগতি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীরা ঘরে ও বাইরে নিগৃহীত হচ্ছেন। ঘরে স্বামীর হাতে নির্যাতিত হচ্ছেন তাঁরা। নারীদের আগুনে পুড়িয়ে, এসিড ছুড়ে নির্যাতন করা হচ্ছে। স্বাধীনতার ৩৯ বছরেও এ দেশে নারী তাঁর পুরো মর্যাদা পাননি। আসেনি নারীর মুক্তি। সমাজের অগ্রগতি হয়নি। নারীর মুক্তি এলেই সমাজে অনেক কিছুর অগ্রগতি হবে।‘নারী জাগরণ যাত্রা-৩’ দল গতকাল শুক্রবার দুপুরের দিকে মৌলভীবাজার পৌঁছার পর পৌরসভা মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।দলটি গতকাল বেলা তিনটার দিকে সিলেটে পৌঁছায়। সেখানে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর এ দলটি রাত আটটার দিকে সুনামগঞ্জে পৌঁছায়। পরে সেখানে সমাপনী অনুষ্ঠান হয়। ‘জাগো নারী জাগো বহ্নিশিখা, মানবমুক্তির পূর্বশর্ত নারীমুক্তি, নারীর ওপর সকল শোষণ-বৈষম্য-আধিপত্য রুখে দাঁড়াও’ স্লোগান নিয়ে গত বৃহস্পতিবার সকালে ঢাকার মুক্তাঙ্গন থেকে নারী জাগরণ যাত্রা-৩-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।‘আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটি’র ব্যানারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারী জাগরণের বার্তা নিয়ে দলটি গতকাল দুপুরের দিকে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণে পৌঁছায়। এ সময় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু জাফর আহমদসহ পার্টির ও স্থানীয় নারীনেত্রীরা অভ্যর্থনা জানান।এরপর আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন কমিটির মৌলভীবাজারের নেত্রী নাজমা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উদ্যাপন কমিটির আহ্বায়ক ও সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য লক্ষ্মী চক্রবর্তী, নারী জাগরণ যাত্রার নেত্রী সেলিনা হাই, দি ফ্লাওয়ার্স কেজি অ্যান্ড হাইস্কুলের অধ্যক্ষ মায়া ওয়াহেদ, জেলা মহিলা পরিষদের সহসভানেত্রী আলেমা মুজাহিদ প্রমুখ।সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার জন্য অনেকেই অনেক উপাধি পেয়েছেন। কিন্তু যেসব নারী সম্ভ্রম দিয়ে স্বাধীনতা এনেছেন, তাঁদের জন্য রাষ্ট্রীয়ভাবে কী করা হয়েছে? এখনো এটি একটি প্রশ্ন।এরপর লাল-পতাকা নিয়ে পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি মৌলভীবাজার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরসভা মিলনায়তনে ফিরে আসে। এখানে নারী জাগরণ যাত্রার সহযোগী একটি সাংস্কৃতিক দল প্রতিবাদের গান পরিবেশন করে।গতকাল বেলা তিনটার দিকে ‘নারী জাগরণ যাত্রা-৩’ দলটি সিলেট পৌঁছায়। সেখানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা শাখার উদ্যোগে দলটিকে স্বাগত জানানো হয়। পরে বিকেল চারটার দিকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।শুরুতেই উদীচী ও খেলাঘরের শিল্পীরা ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’ ও ‘ভয় কী মরণে’ গণসংগীত দুটি পরিবেশন করেন।এরপর সিপিবি সিলেটের সভাপতি বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এ এন রাশেদা, পার্টির নেত্রী রসু আক্তার, বস্তিবাসী ইউনিয়ন নেত্রী কুলসুম বেগম, গণতন্ত্রী পার্টি সিলেটের সভাপতি মো. আরশ আলী, জাসদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক লোকমান আহমদ, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক অভিজিৎ দাস প্রমুখ।এ এন রাশেদা বলেন, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের প্রতি অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে। শুধু তাই নয়, মানবমুক্তির পূর্বশর্ত হচ্ছে নারীমুক্তি। পুরুষ ও নারী উভয়কে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ উন্নয়নে সমান ভূমিকা রাখতে হবে।নারী জাগরণ যাত্রা-৩ গতকাল বিকেলে সিলেট শহীদ মিনার প্রাঙ্গণ থেকে সুনামগঞ্জের উদ্দেশে রওনা করে। পরে রাত আটটায় তারা সুনামগঞ্জে পৌঁছায়।শহরের পৌরসভার মুক্তমঞ্চে জাগরণ যাত্রার নারীদের ফুল দিয়ে স্বাগত জানান পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম, জেলা মহিলা পরিষদ সভানেত্রী শীলা রায়, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা ও জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার।উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় ও স্থানীয় সদস্যদের গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে সমাপনী অনুষ্ঠান শুরু হয়। পরে চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারী দিবসের শতবর্ষ উদ্যাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, নারীনেত্রী ফেরদৌসী মাহমুদ, শাহানার বেগম, শীলা রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। সমাবেশ সঞ্চালনায় ছিলেন তাবাসসুম সুলতানা ও সানজিদা হোসেন। সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীরা যুগে যুগে মানবমুক্তির আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন। নারীকে বাদ দিয়ে একটি দেশের, একটি সমাজের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তাই সব ক্ষেত্রে নারীদের সাহস নিয়ে এগিয়ে আসতে হবে। তাঁদের অধিকার আদায়ের আন্দোলনে সবাইকে শামিল হতে হবে।