নারীর মুক্তি না হলে পুরুষের স্বাধীনতা আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর মুক্তি না হলে পুরুষও স্বাধীন হবে না। আর নারীর মুক্তি নির্ভর করবে তার পক্ষের রাজনৈতিক শক্তি কতটা সংগঠিত তার ওপরে। তাই নারী ও পুরুষ উভয়ের মুক্তির জন্য সমাজ ও রাষ্ট্রকে নারীর ভূমিকাকে স্বীকার করে নিতে হবে। রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং নারী ও পুরুষের সম-অধিকার নিশ্চিত করতে হবে। 
গতকাল শুক্রবার বিপ্লবী নারী সংহতির প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সারা দেশ থেকে আসা সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। দেশের বিশিষ্ট নারীনেত্রী, সংগঠক ও পেশাজীবী ও শিল্পীরা সম্মেলনে অংশ নেন।
সম্মেলনের শুরুতে বিপ্লবী নারী সংহতির লোগোর মোড়ক উম্মোচন শেষে ভাস্কর ও মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, নারীকে তার অধিকার প্রতিষ্ঠা করতে হলে আগে তার নিজের প্রতি আস্থা অর্জন করতে হবে। নিজের জন্য সমাজ ও রাষ্ট্র গঠনে আগে নিজেকে লড়াই করতে হবে।
নারী আলোকচিত্রী সাঈদা খানম বলেন, শুধু সভা-সমিতি ও সম্মেলন করলেই হবে না। নারীদের সচেতন করতে গ্রামে গ্রামে তাদের কাছে যেতে হবে। তাদের নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগঠিত করতে হবে।
তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ও অর্থনীতিবিদ আনু মুহাম্মদ বলেন, কোনো সমাজে নারী নিরাপদে থাকলে ও উন্নতি করলে পুরুষেরাও ভালো থাকবে। দেশের শ্রমিকদের বেশির ভাগই নারী এই তথ্য উল্লেখ করে তিনি বলেন, নারীর সব কাজ ও ভূমিকা যদি আমলে আনা হয়, তাহলে দেশের বার্ষিক প্রবৃদ্ধিতে নারীর ভূমিকা ৭০ শতাংশ ছাড়িয়ে যাবে।
সমাজ-ইতিহাস ও গণমাধ্যমে নারীবিদ্বেষী মনোভাব তৈরি করা হয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন বলেন, এই সমাজে এমন শিক্ষা দেওয়া হয়, যাতে নারীকে তার ওপরে যৌন নির্যাতনের জন্য দায়ী করা হয়।
বিপ্লবী নারী সংহতির সমন্বয়ক শ্যামলী শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হুসেন, গার্মেন্টস নারী সংহতির সমন্বয়কারী তাসলিমা আখতার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।