নারীর মৌলিক মানবাধিকার রক্ষায় সরকার দোদুল্যমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্রের অভিযাত্রা অগ্রসর হয়েছে। নারীর উন্নয়নের প্রশংসাপত্রও পাওয়া যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, গত বছর পর্যন্ত অনেক ক্ষেত্রে সরকার নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। নারীর মৌলিক মানবাধিকার রক্ষায় থেকেছে দোদুল্যমান।

আয়শা খানম বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়েছে। কিন্তু নারীর পায়ের নিচের মাটি শক্ত করার জন্য বা নারীর উন্নয়নকে টেকসই করার জন্য সরকারের পক্ষ থেকে যে ঝুঁকি নেওয়া দরকার, তা অনেক ক্ষেত্রেই নেওয়া হচ্ছে না। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের ধারা ২ ও ১৬.১(গ) থেকে আপত্তি তুলে নেওয়ার বিষয়ে জাতিসংঘ কমিটিকে সরকার প্রথমে বলেছে, বিবেচনাধীন, তারপর বলেছে সক্রিয় বিবেচনাধীন। কিন্তু সব শেষে বলল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আপত্তি তোলার ক্ষেত্রে সমাজ এখনো প্রস্তুত নয়। বর্তমান সরকার কাজ করার জন্য যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু নারীর বিষয়ে পরিস্থিতির সুযোগ নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

গতকাল রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে আয়শা খানম এ কথা বলেন।

নারীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়া-সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে আয়শা খানম বলেন, নারীদের সব সময় ঢাল হিসেবে ব্যবহার করা হয়। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক ঐতিহ্য এটি। বিষয়টি চরম উদ্বেগ ও দুর্ভাগ্যের।

নারী আন্দোলনের কর্মীরা বর্তমানে কঠিন সময় পার করছেন বলে উল্লেখ করে আয়শা খানম বলেন, ‘দিন দিন নারীর প্রতি সহিংসতা বাড়ছে। বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ধারায় মেয়েদের বিয়ের বয়স কমাতে চাচ্ছে সরকার। কোনো বিশেষ ক্লজ রাখা যাবে না—আমরা এ কথা বলে কোনো গোঁয়ার্তুমি করছি না বা কোনো ইগো থেকে বলছি না।’

 সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী লিখিত বক্তব্য পড়ে শোনান। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের উদ্যোগ গ্রহণ, আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি করা, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ রাখাসহ মোট ১৯টি দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ, সীমা মোসলেম প্রমুখ।