নারীর মৌলিক মানবাধিকার রক্ষায় সরকারের ভূমিকা দোদুল্যমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গণতন্ত্রের অভিযাত্রা অগ্রসর হয়েছে। নারীর উন্নয়নের প্রশংসাপত্রও পাওয়া যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য, গত বছর পর্যন্ত অনেকগুলো ক্ষেত্রে সরকার নেতিবাচক সিদ্ধান্ত নিয়েছে। নারীর মৌলিক মানবাধিকার রক্ষায় থেকেছে দোদুল্যমান।

আজ রোববার বাংলাদেশ মহিলা পরিষদের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির বক্তব্য’ শীর্ষক সংবাদ সম্মেলনে আয়শা খানম এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৬ সালে হত্যা, ধর্ষণ, নির্যাতনসহ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ঘটেছে ৪ হাজার ৮৯৬টি। ধর্ষণের শিকার হয়েছে ১ হাজার ৫০ জন নারী ও শিশু। গণধর্ষণের শিকার হয়েছে ১৬৬ জন আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৪ জনকে।

আয়শা খানম বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীরা এগিয়েছে। কিন্তু নারীর পায়ের নিচের মাটি শক্ত করার জন্য বা নারীর উন্নয়নকে টেকসই করার জন্য সরকারের পক্ষ থেকে যে ঝুঁকি নেওয়া দরকার, তা অনেক ক্ষেত্রেই নেওয়া হচ্ছে না। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ সনদের ধারা ২ ও ১৬.১ (গ) থেকে আপত্তি তুলে নেওয়ার বিষয়ে জাতিসংঘ কমিটিকে সরকার প্রথমে বলেছে বিবেচনাধীন, তারপর বলেছে সক্রিয় বিবেচনাধীন। কিন্তু সব শেষে বলল, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে আপত্তি তোলার ক্ষেত্রে সমাজ এখনো প্রস্তুত নয়। বর্তমান সরকার কাজ করার জন্য যথেষ্ট সময় পেয়েছে, কিন্তু নারীর বিষয়ে পরিস্থিতির সুযোগ নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।

নারীদের জঙ্গিবাদে জড়িয়ে পড়াসংক্রান্ত এক প্রশ্নের জবাবে আয়শা খানম বলেন, নারীদের সব সময় ঢাল হিসেবে ব্যবহার করা হয়। শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনৈতিক ঐতিহ্য এটি। বিষয়টি চরম উদ্বেগ ও দুর্ভাগ্যের বিষয়। এই নারীদের অধিকার রক্ষার দরকার নেই—তা ভাবলে চলবে না। তাদের যথাযথ প্রক্রিয়ায় আইনের আওতায় আনতে হবে। নতুন নতুন বিষয় সামনে আসছে, তাই নারী আন্দোলনের কাজের ধারাতেও পরিবর্তন আনতে হবে।

নারী আন্দোলনের কর্মীরা বর্তমানে কঠিন সময় পার করছেন উল্লেখ করে আয়শা খানম বলেন, ‘দিন দিন নারীর প্রতি সহিংসতা বাড়ছে। বাল্যবিবাহ নিরোধ আইনে বিশেষ ধারায় মেয়েদের বিয়ের বয়স কমাতে চাচ্ছে সরকার। কোনো বিশেষ ক্লজ রাখা যাবে না—আমরা এ কথা বলে কোনো গোঁয়ার্তুমি করছি না বা কোনো ইগো থেকে বলছি না।’

সংবাদ সম্মেলনে মহিলা পরিষদের সহসভাপতি রেখা চৌধুরী লিখিত বক্তব্য পড়ে শোনান। এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ থাকার পরও গত বছর নারীর প্রতি সহিংসতার মাত্রা ও ভয়াবহতা নারী উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। একটি গণতান্ত্রিক শাসনব্যবস্থায় নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী এবং ভিন্ন মতবাদ ও মুক্তচিন্তার মানুষের জন্য যে ধরনের পরিসর থাকা প্রয়োজন, তা–ও ক্রমশ সংকুচিত হয়ে আসছে। এর ফলে অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক, ধর্মীয় মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর জন্য একধরনের সুযোগ তৈরি হচ্ছে।

লিখিত বক্তব্যে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের উদ্যোগ গ্রহণ এবং আসনসংখ্যা এক-তৃতীয়াংশ বৃদ্ধি করা, রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটিসহ সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ পদ নারীদের জন্য সংরক্ষণ রাখাসহ মোট ১৯টি দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক রাখী দাশ পুরকায়স্থ ও সীমা মোসলেম প্রমুখ।