নারীর লাশ উদ্ধারের ঘটনায় মামলা হয়নি
ঢাকার আশুলিয়ায় পাওনা টাকার জন্য আটকে রাখা নারীর মৃত্যুর ঘটনায় আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, তাঁরা কোনো অভিযোগ পাননি। এদিকে নিহতের স্বজনেরা বলছেন, তাঁরা থানার এক উপপরিদর্শকের কাছে অভিযোগ জমা দিয়েছেন। ওই এসআই তাঁদের জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মামলা নেওয়া সম্ভব নয়।
আশুলিয়া থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, মর্জিনা নামের এক নারীর কাছে স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল বাতেন, মুদি দোকানি রফিকুল ইসলাম, জসিম উদ্দিন এবং শাহীনসহ আরও কয়েকজন টাকা পেতেন। এই ব্যবসায়ীদের কাছ থেকে মর্জিনা বাকিতে বিভিন্ন পণ্য নিয়েছিলেন। টাকা পরিশোধ করতে না পারায় গত বুধবার রাত নয়টার দিকে রফিক মর্জিনা ও তাঁর মেয়েকে মারধর করেন। এরপর তিনি মা-মেয়েকে বাসা থেকে ধরে এনে পাশেই বাতেনের ঘরে আটক রাখেন। আটক অবস্থায় ওই ঘরে মায়ের লাশ পাওয়া যায়। খবর পেয়ে গতকাল শুক্রবার সকালে আশুলিয়া থানার এসআই এসএম আবদুল আজিজ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।
এর কয়েক ঘণ্টা পর শুক্রবার রাতে আশুলিয়া থানায় গিয়ে নিহত ওই নারীর মা লিখিত অভিযোগ করেন। তাতে বাতেন, রফিক এবং জসিমসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনের অভিযোগ আনা হয়। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি।
মর্জিনার বোন শরীফা বেগম বলেন, তাঁর বোনকে আটকে রেখে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। আত্মহত্যা করলে ঝুলন্ত লাশের পা মাটির সঙ্গে লেগে থাকত না। এ কারণে জড়িতদের বিরুদ্ধে হত্যা ও নারী নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। লিখিত অভিযোগ শুক্রবার রাতেই থানায় জমা দেওয়া হয়েছে। কিন্তু আজ সন্ধ্যা পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে নেওয়া হয়নি। তিনি আরও বলেন, অভিযোগটি দেওয়া হয় এসআই এসএম আবদুল আজিজের হাতে। কিন্তু তিনি ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মামলা নেওয়া হবে না বলে জানিয়ে দেন।
জানতে চাইলে আশুলিয়া থানার ওসি আবদুল আউয়াল বলেন, ‘নিহতদের স্বজনদের পক্ষ থেকে আমি কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।’ স্বজনদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, কোনো কর্মকর্তার কাছে তাঁরা অভিযোগ দিয়েছেন কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।