নারীর লড়াইয়ের গল্প সব দেশে একই রকম
তাঁদের জীবনের গল্পগুলো আলাদা নয়। নির্যাতনের শিকার হওয়া নারীদের অবস্থা কিংবা সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা অনেকটা একই রকম। পৃথিবীর সব দেশেই নারীকে দমিয়ে রাখা বা নারী নির্যাতনের পেছনে পিতৃতান্ত্রিক মানসিকতাই বড় ভূমিকা পালন করে।
এ চিত্রই ফুটে উঠেছে সাত দেশের সাত নারীর জীবনের চিত্রে। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে সাত নারী যেন জীবন্ত হয়ে ধরা দিয়েছিলেন দর্শকদের কাছে। অচেনা এই নারীদের কথা দর্শকেরা শুনেছেন তন্ময় হয়ে। একাত্ম হয়ে মেলানোর চেষ্টা করেছেন নারীদের ওপর নির্যাতন সম্পর্কে নিজেদের জানা তথ্যের সঙ্গে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ইউএন উইমেন, ঢাকার সুইডিশ দূতাবাস ও অ্যাম্বাসেডরস ফর চেঞ্জ সেভেন শিরোনামের নাটক মঞ্চায়নের আয়োজন করে। সুইডেনের প্রযোজক হেডা ক্রাউজ সগরেনের ‘সেভেন অন ট্যুর’ কনসেপ্টে তৈরি নাটকটি পৃথিবীর নানা শহরে পরিবেশিত হচ্ছে। নাটকটি নির্মিত হয়েছে ন্যাশনাল ট্যুরিং থিয়েটার ও সুইডিশ ইনস্টিটিউটের সহায়তায়।
পাকিস্তানের মুক্তার মাই গণধর্ষণের পর আত্মহত্যার পথ বেছে নেননি। নানা প্রতিকূলতা এড়িয়ে ধর্ষকদের শাস্তির আওতায় এনেছেন। নারীদের জন্য প্রতিষ্ঠা করেছেন স্কুল। কাজ করছেন নারীশিক্ষার প্রসারে। নাইজেরিয়ার হাফসাত আবিওলা গড়ে তোলেন ‘কদিরাত ইনিশিয়েটিভ ফর ডেমোক্রেসি’। এই উদ্যোগের মাধ্যমে নারীদের নেতৃত্বের বিকাশ ঘটানোর প্রশিক্ষণ দেওয়া হয়। কম্বোডিয়ার মো সোচুয়া সাংসদ হিসেবে নির্বাচিত হন এবং নারী পাচারের বিরুদ্ধে কাজ করেন। গুয়াতেমালার অ্যানাবেলা ডে লিওন নারী ও আদিবাসী গোষ্ঠীর অধিকার আদায়ে কাজ করেন। উত্তর আয়ারল্যান্ডের ইনেজ ম্যাক-করম্যাক সুবিধাবঞ্চিত নারীদের জন্য কাজ করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। আফগানিস্তানের ফরিদা আজিজি তালেবান শাসনের বিরুদ্ধে লড়াই করেন। রাশিয়ার মেরিনা পিসক্লাকোভা-পার্কার হটলাইন সেন্টার এএনএনএ-এর মাধ্যমে নিজের ঘরে নির্যাতনের শিকার নারীদের সহায়তা করছেন। ১৯৯৩ সাল থেকে এ পর্যন্ত লক্ষাধিক নারীকে সহায়তা দিয়েছেন তিনি।
নাটকের মূল উপজীব্য, যত ঝড়ই আসুক, লড়াইটা চালিয়ে যেতে হবে। আর নাটকটি ছিল গল্প বলার ঢংয়ে। গতকাল সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত সাত নারীর এসব তথ্য তুলে ধরেন ঢাকায় বিভিন্ন দেশের সাত কূটনীতিক। তাঁরা হলেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট, কানাডার হাইকমিশনার পিয়েরে বেনোয়া লাঘামে, শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসেকেরা, ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত সিসেল ব্লিকেন, সুইডেনের রাষ্ট্রদূত ইয়োহান ফ্রিসেল, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এ দেশীয় প্রধান শ্রীনিবাস রেড্ডি।
অনুষ্ঠানের আগে স্বাগত বক্তব্য দেন ইউএন উইমেনের এ দেশীয় প্রতিনিধি ক্রিস্টিন হান্টার। তিনি বলেন, নারীদের জন্য অনুপ্রেরণা প্রয়োজন। এসব সাহসী নারীর গল্প অন্যদের অনুপ্রেরণা জোগাবে।
এর আগে গত রোববার একই মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয় বাংলায়। এই চরিত্রগুলোর জীবনী পড়ে শোনান বাংলাদেশের পরিকল্পনা কমিশনের ডেপুটি চিফ (জেনারেল ইকোনমিক ডিভিশন) ফইজুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের লোকাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট নাঈমুজ্জামান মুক্তা, নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, গ্রিন ডেলটা ইনস্যুরেন্স লিমিটেডের সিইও ফারজানা চৌধুরী, মোহাম্মদী গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রুবানা হক, অভিনেতা গাজী রাকায়েত এবং এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ এডিটর মুন্নী সাহা।