নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতে সহায়তা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতি গঠনের সব কর্মকাণ্ডে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিতের জন্য সহযোগিতা করতে সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত দেশ গড়তে সব কর্মকাণ্ডে নারীর সমান অধিকার প্রয়োজন। নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেক পুরুষ ও নারীকে এগিয়ে আসতে হবে। শেখ হাসিনা আরও বলেন, কেবল আইন করে নারীর অধিকার নিশ্চিত করা সম্ভব নয়। এর জন্য নারী-পুরুষনির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে নারী উন্নয়নে উল্ল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা অনেক উন্নত দেশেও দেখা যায় না।প্রধানমন্ত্রী আরও বলেন, ‘যদিও নারী উন্নয়ন ও ক্ষমতায়নের ক্ষেত্রে অর্জিত সাফল্য উন্নত বিশ্বের সমান নয়, কিন্তু এ ক্ষেত্রে আমাদের অর্জন অনেক উন্নত দেশের চেয়ে কম নয়।’ তিনি বলেন, বর্তমানে জাতীয় জীবনের সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ লক্ষ করা যায়। তাঁরা পরিবার, অর্থনীতি, সমাজ, রাষ্ট্রীয় কর্মকাণ্ড, ক্রীড়াসহ সব ক্ষেত্রে অংশগ্রহণ করছেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং একই মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম আলোচনায় অংশ নেন।প্রধানমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির সুযোগ গ্রহণ করে অনেক নারী ইতিমধ্যে আত্মনির্ভরশীল হয়েছেন। তিনি বলেন, তাঁর সরকার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিটি নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।আধুনিক নারী উন্নয়ননীতি প্রণয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পাসপোর্টে মায়ের নাম অন্তর্ভুক্তির বিধান হয়েছে। তিনি আরও বলেন, প্রসূতি মায়ের ছুটি ছয় মাস পর্যন্ত বাড়ানো হয়েছে। বিচার বিভাগ, প্রশাসন, সামরিক বাহিনী, পুলিশ, শিক্ষা ও ব্যাংকিং সেক্টর এবং ব্যবসার ক্ষেত্রেও নারীর অবস্থান সুসংহত করা হয়েছে।শেখ হাসিনা বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা হ্রাস পেয়েছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় এলেই নারীসমাজ তার মর্যাদা ফিরে পায়। তিনি বলেন, এ দেশের নারীরা এভারেস্ট চূড়া জয় করেছেন এবং তাঁরা কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। তিনি আরও বলেন, বর্তমান সরকার নারীর বিরুদ্ধে সব ধরনের সহিংসতা প্রতিরোধে নতুন আইন প্রণয়ন করেছে। যেসব নারী ও শিশু সহিংসতার শিকার হয়, তারা চিকিৎসাসেবা, পুলিশ ও আইনি সহায়তার পাশাপাশি ডিএনএ পরীক্ষা, শারীরিক ও সামাজিক সেবা এবং আশ্রয়-সুবিধা পাচ্ছে। তা ছাড়া যেকোনো সংকটে নারী ও শিশুদের সহায়তায় মহিলা অধিদপ্তরে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার (এনএইচসি) স্থাপন করা হয়েছে।