নারীর স্বাস্থ্য সুরক্ষায় ১৮-এর নিচে বিয়ে নয়
নারীর স্বাস্থ্য সুরক্ষায় ১৮ বছরের আগে বিয়ে নয়। আর আইন করে বাল্যবিবাহ বন্ধ করা হোক। ‘আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০১৪’ উদযাপনকে সামনে রেখে করা সংবাদ সম্মেলনে এমন দাবি জানাল দিবসটির উদযাপন কমিটি।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে দিবসটি পালনের আয়োজক কমিটির পক্ষ জানানো হয়, ১৯৯৭ সালে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘উইমেন্স ওয়ার্ল্ড সামিট ফাউন্ডেশন’ গ্রামীণ নারীদের সমস্যাগুলো তুলে ধরতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস পালনের উদ্যোগ নেয়। এজন্য সংস্থাটি বিভিন্ন দেশে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে। এরপর ১৯৯৮ সালে ১৫ অক্টোবরকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণার পর জাতিসংঘের সদস্য সব রাষ্ট্র এ দিনটিকে উদযাপন করে আসছে।
নারীর স্বাস্থ্যের ওপর বাল্যবিবাহের নানা ক্ষতিকর দিক তুলে ধরে সংবাদ সম্মেলনে উদযাপন কমিটির আহ্বায়ক ফেরদৌস আরা বলেন, ‘সরকার একদিকে মাতৃমৃত্যু কমিয়ে আনার কথা বলছে, অন্যদিকে বিয়ের বয়স কমিয়ে আনার চেষ্টা করছে। সরকারের এ কেমন দ্বৈতনীতি?’
উদযাপন কমিটির এক সদস্য শামীমা ইয়াসমিনের দাবি, মেয়েদের ১৮ বছরে বিয়ের বর্তমান যে আইন আছে তাতে গ্রামাঞ্চলে ১৫-১৬ বছরে বিয়ে হয়ে যায়। যদি বিয়ের বয়স ১৬ বছরে কমিয়ে আনা হয়, তবে গ্রামাঞ্চলে ১৩-১৪ বছরে মেয়েদের বিয়ে হবে। তাই সরকারের এ আইন করা উচিত হবে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার দেশের ৬০টি জেলা শহরে ও ছয়টি উপজেলায় আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০১৪ উদযাপন করা হবে। গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহের কুফলের ব্যাপারে গণসচেতনতা বাড়াতে ওই জেলা-উপজেলাগুলোতে সেমিনার, র্যালি, মেলা ও মানববন্ধন করা হবে। এ ছাড়া সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ওই জেলা-উপজেলাগুলোতে পাঁচজন করে নারীকে সম্মাননা দেওয়া হবে।