নারীরা এখনো সমকাজে সমমজুরি পান না
দেশে এখনো পুরুষের সমকাজে সমমজুরি পান না নারীরা। সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) নারী শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার হলেও এখনো কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারী ও পুরুষের বৈষম্য রয়েই গেছে। গত বুধবার মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী গ্রামের একটি জমিতে মাটি কাটার কাজ করছিলেন ভাটবাউর গ্রামের মিনু বেগম (৫০)। এ সময় তিনি আক্ষেপ করে বলেন, ‘ব্যাটারা আমরা একই সময় আহি-যাই, একই সমান কাজ করি। তার পরেও ব্যাটারা পায় ২৮০ ট্যাহা আর আমাগো দ্যায় ১৭০ ট্যাহা। যে দিনকাল পড়চে এই ট্যাহায় আমাগো সংসার চলবার চায় না।’ সদর উপজেলার একটি ইটভাটায় কথা হয় উকিয়ারা গ্রামের ফুলজান বেগমের (৪৫) সঙ্গে। এ সময় মজুরি সম্পর্কে ক্ষোভের সঙ্গে তিনি বলেন, ‘সক্কাল ছয়ডায় আইস্যা হন্ধ্যায় (সন্ধ্যা) যাই, আমাগো দেয় ১৬০ ট্যাহা আর ব্যাটারা (পুরুষ) পায় ৩০০ ট্যাহা। স্বামী মইরা গ্যাছে দুই বছর আগে। পাঁচ ম্যায়ার (মেয়ে) মইধ্যে দুইডার বিয়া দিছি। আরও বিয়ের লায়েক দুই ম্যায়া। আমাগো কষ্ট ক্যারা দেকবো?’ তাঁর মতো ভাঙা ইট কোমরে করে অন্যত্র সরানোর কাজ করছেন ঝর্না আক্তার (৪০), নওশাদ মিয়া (৪৫), রিনা আক্তার (৩৫) ও মিঠু মল্লিক (৩৫)। ঝর্না আক্তার বলেন, ‘আমরা ম্যায়া দেইহা মালিকেরা আমাগো ঠকায়। ব্যাটাগো (পুরুষ) থেইক্যা আমরা কাজ কম করি না।’ ভাটার ব্যবস্থাপক আবদুল খালেক জানান, পুরুষদের চেয়ে নারীরা কাজ কম করতে পারেন। তাই তাঁরা হাজিরাও কম পান। শুধু এই কাজে না, কৃষিকাজে, মাটি কাটা, ইমরাত নির্মাণ, রাস্তায় পিচ ঢালাইসহ বিভিন্ন কাজেই নারী ও পুরুষের মধ্যে মজুরির পার্থক্য রয়েছে। নারী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে ‘কর্মজীবী নারী’ নামের একটি এনজিও। এটির মানিকগঞ্জের কোষাধ্যক্ষ সেলিনা আক্তার জানান, নারী-পুরুষের সমকাজে সমমজুরি নির্ধারণ করতে সরকার এখন পর্যন্ত কোনো আইন করেননি। এ কারণে নারী শ্রমিকেরা আইনের আশ্রয়ও নিতে পারেন না। বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থা মানিকগঞ্জ জেলা শাখার চেয়ারম্যান লক্ষ্মী চ্যাটার্জি প্রথম আলোকে বলেন, মজুরিসহ সব ক্ষেত্রেই নারীরা তাঁদের অধিকার থেকে এখনো অনেকটাই বঞ্চিত। কিন্তু সমকাজে সমমজুরি নারী শ্রমিকদের অধিকার। জেলা প্রশাসক (ডিসি) মাসুদ করিম বলেন, সরকারি দপ্তরগুলোতে সমকাজে সমমজুরি নির্ধারণ করা হয়েছে। এতে নারী ও পুরুষে কোনো বৈষম্য নেই। কিন্তু অন্যান্য ক্ষেত্রে নারী শ্রমিকেরা পুরুষ শ্রমিকের সমান মজুরি পান না, এটা ঠিক। তবে সমান মজুরি আদায়ে নারী শ্রমিকেরা এ পর্যন্ত কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।