নারীরা চরম নিরাপত্তাহীনতায়: সিরাজুল ইসলাম চৌধুরী
বাংলাদেশের নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে মন্তব্য করেছেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, শিশুরা ধর্ষিত হচ্ছে, তাদের মেরে ফেলা হচ্ছে। চালকেরা ধর্ষণের পর নৃশংসভাবে নারীকে হত্যা করছে।
আজ শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে আবদুল করিম সাহিত্যবিশারদ পঞ্চদশ স্মারক বক্তৃতা-২০১৭ শীর্ষক এক অনুষ্ঠানে সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।
সমাজ-রূপান্তর অধ্যয়ন কেন্দ্র নামের একটি সংগঠন এই অনুষ্ঠানের আয়োজন করে। আবদুল করিম সাহিত্যবিশারদ স্মারক বক্তৃতা করেন লেখক-গবেষক ও সাংবাদিক আবু সাঈদ খান। তিনি ‘সমাজ-রাজনীতিতে ইতি ও নেতি’ শীর্ষক লিখিত প্রবন্ধ উপস্থাপন করেন।
আবদুল করিম সাহিত্যবিশারদ ১৮৭১ সালের ১১ অক্টোবর চট্টগ্রামের পটিয়ায় জন্মগ্রহণ করেন, মারা যান ১৯৫৩ সালের ৩০ সেপ্টেম্বর।
আবদুল করিম সাহিত্যবিশারদ সম্পর্কে লেখক ও শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘তাঁর পুঁথি সংগ্রহের কাজ ছিল অসাধারণ। তিনি যখন কাজ করেছেন, তখনকার সাহিত্যচর্চা মানে নাগরিক সাহিত্যচর্চা, কলকাতাভিত্তিক সাহিত্যচর্চা। সেই সাহিত্যের অন্তরালে আরও একটা সাহিত্যচর্চা ছিল। তিনি সেই সাধারণ মানুষের সাহিত্যচর্চার খবর সংগ্রহের মাধ্যমে, সম্পাদনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে তিনি জনমানুষের ছবি তুলে এনেছেন।’
আবদুল করিম সাহিত্যবিশারদ যে কাজ করেছেন, তা সামাজিক কাজ বলে মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘তাঁর সংগ্রহ করা পুঁথির মধ্যে সমাজ আছে। এগুলো সমাজের মুখচ্ছবি। এসব পুঁথি সংগ্রহ করে ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে ব্যবহার করেননি তিনি।’
মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানো হচ্ছে মন্তব্য করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা মিয়ানমারে দেখছি, কীভাবে রোহিঙ্গাদের উচ্ছেদ করা হচ্ছে, ভয়াবহ নির্যাতন করা হচ্ছে। রোহিঙ্গা নারীদের ধর্ষণ করে বিতাড়িত করা হচ্ছে; পুরুষদের হত্যা করা হচ্ছে।’
অং সান সু চি গণহত্যা সমর্থন করছেন জানিয়ে ইমেরিটাস অধ্যাপক বলেন, ‘বলা হয়, তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, তিনি সংগ্রাম করলেন, এত নির্যাতন সহ্য করলেন। তাঁর গণতন্ত্র পুঁজিবাদী গণতন্ত্র। পুঁজিবাদীরা যা করে, তিনিও তা-ই করছেন। পুঁজিবাদীরা এটাই করে। পুঁজিবাদীরা মুনাফা বোঝে। মানুষের কী হলো এটা তারা দেখে না।’
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী মনে করেন, শ্রেণিবিভাজন দেশের সব দুর্দশার মূল কারণ। ব্যক্তিগত সম্পত্তি রক্ষা করার জন্যই পুঁজিবাদীরা আইন করে, সামরিক বাহিনী তৈরি করে, বিচার বিভাগ প্রতিষ্ঠা করে, নির্যাতন করে।