দেশের উত্তরাঞ্চলে পরিবারে পুরুষদের চেয়ে নারীরা পাঁচ গুণ বেশি সময় দেন। কেবল পরিবারের কাজে সাড়ে পাঁচ ঘণ্টা সময় দিতে হয় নারীদের। বাকি সময় তাঁরা আর্থিকভাবে উৎপাদনশীল কাজ এবং নিজের জন্য ব্যয় করেন। আর কেবল পরিবারের জন্য পুরুষদের বরাদ্দ সময় এক ঘণ্টা। তবে ছোট বাচ্চা থাকলে পুরুষেরা পরিবারে অপেক্ষাকৃত বেশি সময় দেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দ্য সেন্টার ফর জেন্ডার অ্যান্ড সোশ্যাল ট্রান্সফরমেশনের (সিজিএসটি) করা ‘উত্তরবঙ্গের গ্রামীণ প্রাপ্তবয়স্ক নারী-পুরুষদের সময় ব্যয় করার ধরন’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
গবেষণা প্রতিবেদনটি বলছে, ৮৫ শতাংশ মানুষ মনে করে, ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে হওয়া উচিত নয়। আর ৭০ শতাংশের অভিমত, রান্নার কাজে নারীকে পুরুষদের সহায়তা করা উচিত। এ ছাড়া প্রায় ৮০ শতাংশ মনে করেন, পরিবারের উন্নতির জন্য নারী-পুরুষ উভয়ের আয় করা উচিত। আর দুই-তৃতীয়াংশ মানুষের অভিমত, পরিবারে নারীদের চেয়ে পুরুষদের বেশি খাদ্য গ্রহণ করা উচিত নয়।
তবে গবেষণাটিতে দেখা গেছে, পুরুষেরাই এখনো পরিবারের প্রধান উপার্জনকারী, যা তাদের আচরণেও প্রতিফলিত হয়। বেশির ভাগ মানুষ বলেছে, নারী-পুরুষ উভয়কেই উৎপাদনমূলক কাজে অংশগ্রহণ করা উচিত। কিন্তু পরিবারের সদস্যদের দেখাশোনার একক দায়িত্ব একমাত্র নারীদের।
গবেষণাটির অন্যতম সমন্বয়কারী ছিলেন মাহিন সুলতানা। তিনি গবেষণাটির ফলাফল সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বলেন, এর আগের বিভিন্ন গবেষণায় নারীর কাজের প্রতি পুরুষদের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি দেখা যেত। এ গবেষণায় এর বেশ বদল পাওয়া গেছে। তবে পুরুষদের দৃষ্টিভঙ্গির এ বদল এখনো পুরোপুরি চর্চায় আসেনি।
আন্তর্জাতিক সংস্থা অ্যাকশনএইড, বাংলাদেশের সহায়তায় ২০১৩ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত গাইবান্ধা এবং লালমনিরহাট জেলা থেকে সংগৃহীত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এ দুই জেলার প্রাপ্তবয়স্ক বিবাহিত ২২৪ জন নারী এবং ১২১ জন পুরুষের তথ্য নিয়ে প্রতিবেদনটিতে বয়স, শিক্ষা এবং পেশাভেদে দৈনন্দিন কাজে ব্যয় করা সময়ের মধ্যে তুলনা করা হয়েছে।
গবেষণাটিতে পরিবারের প্রাপ্তবয়স্কদের করা কাজকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। প্রথমত রান্না, গৃহকর্ম, শিশু সেবা, বয়স্ক বা অন্য সদস্যদের সেবা করার মতো পারিবারিক কাজ। দ্বিতীয়ত গবাদিপশু এবং হাঁস-মুরগি পালন, পরিবারের খরচ কমায় এবং আয় বাড়ায় এমন কাজ। তৃতীয়ত নিজের যত্ন, অবকাশ বা বিনোদন, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের মতো অনুৎপাদনশীল কাজ। পুরুষেরা দিনের ৫১০ মিনিট আর নারীরা ৩১২ মিনিট উৎপাদনমূলক কাজে ব্যয় করেন। পারিবারিক কাজে বেকার ও কর্মজীবী পুরুষেরা একই পরিমাণে সময় দেন। কর্মজীবী নারীরা গৃহিণীদের তুলনায় পারিবারিক কাজে কম সময় দেন। তবে পরিবারের অন্য সদস্যদের দেখাশোনার কাজে পুরুষেরা খুবই কম সময় দেন।