সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেছেন, ‘প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। কারণ, নারীরা স্বাবলম্বী না হলে এ দেশের আর্থসামাজিক উন্নয়ন হবে না।’ গতকাল বুধবার দুপুর ১২টায় নগর ভবনের সভাকক্ষে সিলেট সিটি করপোরেশন, ইউপিপিআরপি ও ইউএনডিপি পরিচালিত ‘নগর অংশীদারিত্বের মাধ্যমে দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প’-এর আওতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন ইউপিপিআর প্রকল্পের সহকারী পরিচালক নুরুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর মো. আবদুল খালিক, রেজওয়ান আহমদ, সালেহ আহমদ চৌধুরী, শান্তনু দত্ত, জামাল আহমদ, ফয়জুল আনোয়ার, মো. শাহজাহান, সালমা সুলতানা, আক্তারুন্নেছা বেবী, আসমা বেগম, প্রকল্পের ট্রেনিং সমন্বয়ক এম এম কামাল, প্রকল্পের শহর ব্যবস্থাপক গণেশ চন্দ্র ভৌমিক, মো. জাহিদুল ইসলাম প্রমুখ। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি নগরের কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) মধ্যে চেক বিতরণ করেন।