নারীরাই বেশি আত্মহত্যা করেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর পক্ষে পুরুষ
নারীর পক্ষে পুরুষ

একুশ বছরেই থমকে গেছে মডেল সাবিরা হোসেনের বয়স। আর কোনো দিনও তাঁর বয়স বাড়বে না। উচ্ছল এই তরুণী অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে গত ২৪ মে। (সূত্র: ২৪ মে ২০১৬, প্রথম আলো অনলাইন)
বিয়ে নিয়ে রঙিন স্বপ্ন কার না থাকে! কিন্তু বিয়ে কী, সেটা বোঝার বয়স হওয়ার আগেই শ্বশুরবাড়ি যেতে হয় রংপুরের বদরগঞ্জের সপ্তম শ্রেণির ছাত্রী রোকসানা খাতুনকে। ১৩ বছরের এই কিশোরীর মতামতের তোয়াক্কা না করেই বিয়ে দেওয়া হয় তাকে। বিয়ের দিন বিকেলেই বিষপানে আত্মহত্যা করে রোকসানা। ঘটনাটি ২০১৪ সালের ১ জুনের। (সূত্র: ১৯ আগস্ট ২০১৪, প্রথম আলো)
রংপুরের বদরগঞ্জ থানা ও উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুসারে, ২০১৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে উপজেলায় ১২ জন আত্মহত্যা করেছেন। তাঁদের সবাই নারী—আটজন ছাত্রী আর চারজন গৃহিণী। তাঁদের প্রায় সবাই কীটনাশক খেয়ে আত্মহত্যা করেন। এই সময়ে ওই উপজেলায় আত্মহত্যার চেষ্টা করেছেন ৯৮ জন। এ ছাড়া রংপুর জেলার কোতোয়ালি থানার তথ্য অনুযায়ী, ২০১৫ সালে এখানে ১০২ জন আত্মহত্যা করেন, তাঁদের মধ্যে নারী ৫৮ জন।
বিশ্বের বেশির ভাগ দেশে পুরুষের আত্মহত্যার হার বেশি হলেও বাংলাদেশে এই চিত্র সম্পূর্ণ উল্টো। বিশ্বের অধিকাংশ দেশে নারীদের তুলনায় প্রায় তিন গুণ পুরুষ আত্মহত্যা করেন। অথচ বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর আত্মহত্যার হার বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ‘প্রিভেনটিং সুইসাইড: আ গ্লোবাল ইমপারেটিভ’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে। ২০১৪ সালে প্রতিবেদনটি প্রকাশিত হয়।
প্রতিবেদনটির তথ্য অনুসারে, বাংলাদেশে ২০১২ সালে ১০ হাজার ১৬৭ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ৫ হাজার ৭৭৩ জন নারী, আর পুরুষ ৪ হাজার ৩৯৪ জন।
আত্মহত্যার সংবাদ বিশ্লেষণ করে এবং বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে জানা যায়, বখাটেদের মাধ্যমে উত্ত্যক্ত হওয়া, ধর্ষণের শিকার হওয়া, প্রেমে প্রতারিত হওয়া, অভিভাবকদের বকাঝকা, পরীক্ষায় ফেল করা কিংবা আশানুরূপ ফল না হওয়া কিশোরীদের আত্মহত্যার অন্যতম কারণ। আর গৃহবধূরা পারিবারিক সমস্যা-সহিংসতা, দাম্পত্য কলহ, যৌতুক, একাধিক কন্যাসন্তান প্রসব করা, বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে বেশি আত্মহত্যা করেন। বেসরকারি সংস্থা ব্র্যাকের এক গবেষণায় দেখা গেছে, ২০০৬ থেকে ২০০৯ সালে যত আত্মহত্যার ঘটনা ঘটেছে, তার ৮৬ শতাংশ ঘটেছে পারিবারিক সহিংসতার কারণে।
নারীর প্রতি নানা ধরনের নির্যাতন, সহিংসতা, নিরাপত্তাহীনতা, নারীকে মানুষ হিসেবে মূল্যায়ন না করা আত্মহত্যার প্রধান কারণ বলে চিহ্নিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. নেহাল করিম। নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি নারীকে আত্মহননের পথে হাঁটতে বাধ্য করছে বলে অভিমত তাঁর। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির ‘বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালের তুলনায় ২০১৫ সালে নারী ও শিশুর প্রতি সহিংসতা শতকরা ৫ ভাগ বেড়েছে। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কেবল সহিংসতার শিকার হয়ে ২০১৫ সালে ৩০১ জন শিশু ও নারীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
নারীকে বিভিন্নভাবে অবদমিত করা হয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া হক বলেন, পরিবারের যেকোনো ঘটনাতেই নারীকে দায়ী করা হয়। তাঁদের কলঙ্কিত আখ্যা দেওয়া হয়। নারীরা নানা ধরনের বৈষম্য ও নির্যাতন সহ্য করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছান, যখন তাঁদের সামনে আর কোনো পথ থাকে না। বেছে নিতে হয় আত্মহত্যার পথ। তিনি আরও বলেন, নারীকে মনে রাখতে হবে, নিজের জীবনের থেকে মূল্যবান কিছু নেই। যা-ই ঘটুক না কেন, আত্মহত্যা কোনো সমাধান নয়।
দেশে আত্মহত্যার দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঝিনাইদহ এলাকার মানুষ। এই এলাকায়ও নারীদের আত্মহত্যার হার পুরুষের তুলনায় বেশি। ঝিনাইদহের বেসরকারি সংস্থা শোভার তথ্যমতে, ২০১০ থেকে ২০১৫ পর্যন্ত এই ছয় বছরে এখানে ১ হাজার ৯৪৪ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে নারী ১ হাজার ২৩৮ জন, পুরুষ ৭০৬ জন। আর এই সময়ে যাঁরা আত্মহত্যার চেষ্টা করেছেন, তাঁদের মধ্যেও নারীর সংখ্যা বেশি। উল্লিখিত সময়ে ওই এলাকায় আত্মহত্যার চেষ্টা করেছেন ১৫ হাজার ৩৫৯ জন। তাঁদের মধ্যে ৮ হাজার ৯৭৬ জন নারী, আর পুরুষ ৬ হাজার ৩৮৩ জন।
শিশু থেকে শুরু করে সব বয়সী নারীরাই আত্মহত্যা করছেন। তাঁদের মধ্যে কেউ বিষপানে, কেউ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ছাড়া ঘুমের ওষুধ খেয়ে, রেললাইনে ঝাঁপ দিয়ে, ছাদ থেকে লাফিয়েও অনেকে আত্মহত্যা করেছেন। বাংলাদেশ পুলিশের তথ্য অনুসারে, দেশে প্রতিবছর গড়ে ১০ হাজার মানুষ আত্মহত্যা করেন। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। (২৮ এপ্রিল ২০১২, ডেইলি স্টার) ছাত্রী, গৃহবধূ ও কম শিক্ষিত নারীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। বয়স্ক নারীরাও আত্মহত্যা করেন। তবে তাঁদের সংখ্যা খুব কম।
ডব্লিউএইচওর উল্লিখিত প্রতিবেদনের তথ্যমতে, আত্মহত্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে দশম স্থানে রয়েছে। সারা বিশ্বে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ আত্মহত্যা করেন। আর প্রতিবছর গড়ে এই সংখ্যা দাঁড়ায় আট লাখের বেশি। ১৫ থেকে ২৯ বছর বয়সী মানুষ যেসব কারণে মারা যান, তাঁদের মধ্যে আত্মহত্যা দ্বিতীয়।
বাংলাদেশ জার্নাল অব মেডিসিন-এর ‘রিস্ক ফ্যাক্টরস অব সুইসাইড প্যারা রুরাল বাংলাদেশ’ শীর্ষক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে ২০ থেকে ৩৯ বছর বয়সী মানুষের আত্মহত্যার প্রবণতা বেশি। তাঁদের মধ্যে ৬১ শতাংশ নারী। এতে বলা হয়, প্রতারণার কারণে শহরাঞ্চলে আত্মহত্যার ঘটনা বেশি ঘটে। আর গ্রামাঞ্চলে আত্মহত্যার মূল কারণ যৌতুক। তবে কিশোরীরা বেশির ভাগ সময় বখাটেদের মাধ্যমে উত্ত্যক্তের শিকার হয়ে আত্মহত্যা করে।
বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ও মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামাল বলেন, ‘আত্মহত্যার প্রবণতা কমাতে এবং আত্মহত্যা বন্ধ করতে সামাজিক সচেতনতা খুব জরুরি। পাশাপাশি বিপর্যস্ত ব্যক্তিকে মানসিক সহায়তা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া জরুরি।