নারীশিক্ষার উন্নয়নে বাংলাদেশের রাজনৈতিক সদিচ্ছা প্রবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আয়ের দেশ হলেও বাংলাদেশে নারীশিক্ষা উন্নয়নে রাজনৈতিক সদিচ্ছা প্রবল। শিক্ষার প্রাথমিক স্তরে জেন্ডার-সমতা অর্জনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে। তবে প্রাথমিক স্তরের শিক্ষার গুণগত মান দুর্বল। প্রাথমিক স্তরে ভর্তি বাড়লেও প্রাক-প্রাথমিক, মাধ্যমিক ও বয়স্ক নারী সাক্ষরতার হার সেভাবে বাড়ছে না।এশিয়া সাউথ প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর বেসিক অ্যান্ড অ্যাডাল্ট এডুকেশনের (এএসপিবিএই) এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। এএসপিবিএই এই অঞ্চলের ৩০টি দেশের ২০০ বেসরকারি সংগঠনের একটি মোর্চা। ‘জেন্ডার, ইকুয়েলিটি অ্যান্ড এডুকেশন: এ রিপোর্ট কার্ড অন সাউথ এশিয়া’ শীর্ষক প্রতিবেদনটি সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে এবং এ মাসের প্রথম সপ্তাহে ইন্দোনেশিয়ায় প্রকাশিত হয়েছে। বাংলাদেশে ডিসেম্বরে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে মাধ্যমিক স্তরে ছেলের চেয়ে বেশিসংখ্যক মেয়ে ভর্তি হয়। এসব মেয়ের প্রতি পাঁচজনের একজন মাত্র মাধ্যমিক পরীক্ষায় পাস করতে পারে। মাধ্যমিক স্তরে মেয়েদের ঝরে পড়ার বড় কারণ বাল্যবিবাহ। ৬৪ শতাংশ মেয়ের বিয়ে হয় ১৮ বছর বয়সের আগেই। এখনো প্রাথমিক স্তরে ১৪ ও মাধ্যমিক স্তরে ৫৭ শতাংশ মেয়ে ভর্তিই হয় না। আর দেশে ৫২ শতাংশ বয়স্ক নারী নিরক্ষর। প্রাক-প্রাথমিক শিক্ষা পায় না ৯১ শতাংশ শিশু।প্রতিবেদনে দেশগুলোকে কয়েকটি শ্রেণীতে ফেলা হয়েছে। বাংলাদেশের অবস্থান ‘সি’ শ্রেণীতে। একই শ্রেণীতে আছে নেপাল, পাকিস্তান ও ভুটান। ‘সি’ শ্রেণীভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের পয়েন্ট সবচেয়ে বেশি, ৫৭। ভারত ও শ্রীলঙ্কা আছে ‘বি’ শ্রেণীতে, আর ‘ডি’ শ্রেণীতে আছে আফগানিস্তান। ‘এ’ ও ‘ই’ শ্রেণীতে কোনো দেশ নেই।প্রতিবেদনে বলা হয়েছে, নিম্ন আয়ের দেশ হওয়া সত্ত্বেও কয়েক দশক ধরে বাংলাদেশ নারীশিক্ষার বিষয়টি কর্মকাণ্ডের প্রথম সারিতে রাখতে প্রবল রাজনৈতিক সদিচ্ছা দেখিয়েছে। ১০০ নম্বরের মধ্যে এ ক্ষেত্রে বাংলাদেশ পেয়েছে ৭৪ নম্বর। ভারত পেয়েছে বাংলাদেশের চেয়ে ২ নম্বর বেশি। আর সবচেয়ে বেশি পেয়েছে ভুটান, ৮৪ নম্বর। সবচেয়ে কম, মাত্র ২০ নম্বর পেয়েছে পাকিস্তান।এ বিষয়ে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘এটি ঠিক যে দেশে মেয়েদের শিক্ষার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা প্রবল। এ ক্ষেত্রে কোনো সরকারই পূর্ববর্তী সরকারের নীতি পরিবর্তন বা বাতিল করেনি, বরং শক্তিশালী করেছে। যেমন আগে অষ্টম শ্রেণী পর্যন্ত মেয়েদের বৃত্তি দেওয়া হতো। এখন তা আরও বাড়ানো হয়েছে।’ তিনি বলেন, মাধ্যমিক স্তরে মেয়েদের ঝরে পড়ার প্রধান কারণ বাল্যবিবাহ নয়। অন্য কারণও আছে।প্রাক-প্রাথমিক শিক্ষা: প্রতিবেদনে বলা হয়, মানুষের মস্তিষ্কের ৯০ শতাংশ গঠিত হয়ে যায় পাঁচ বছর বয়সের মধ্যে। এটি প্রাক-প্রাথমিক শিক্ষার বয়স। বাংলাদেশে ৯১ শতাংশ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। বেশির ভাগ শিশু প্রস্তুতি ছাড়াই ভর্তি হয় প্রাথমিক স্তরে। প্রাক-প্রাথমিক শিক্ষা না থাকায় বাংলাদেশে ৩২ শতাংশ শিশু প্রাথমিক স্তর থেকে ঝরে পড়ে।আফগানিস্তানে প্রাক-প্রাথমিক শিক্ষার প্রচলন নেই বললেই চলে। সেখানে ৯৯ শতাংশ শিশু প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে এই বঞ্চনার হার যথাক্রমে ভারতে ৫৩ ও ৫২, নেপালে ৬২ ও ৬৮, পাকিস্তানে ৫৯ ও ৬৪ শতাংশ। শ্রীলঙ্কায় মাত্র ১০ শতাংশ মেয়ে প্রাক-প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত।প্রাথমিক শিক্ষা: প্রাথমিক স্তরে বাংলাদেশের অর্জন দক্ষিণ এশিয়ার মধ্যে ভালো। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (এমডিজি) ও সবার জন্য শিক্ষায় (ইএফএ) বলা ছিল, ২০০৫ সালের মধ্যে প্রাথমিক স্তরে জেন্ডার-সমতা অর্জন করতে হবে; বাংলাদেশ তা করেছে। এ ক্ষেত্রে শ্রীলঙ্কাও এ সফলতা অর্জন করেছে।এর পরও বাংলাদেশে ১১ শতাংশ ছেলে এবং ১৪ শতাংশ মেয়ে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। আর ৩৪ শতাংশ শিশু প্রাথমিক স্তর থেকে ঝরে পড়ে।এই অঞ্চলের মধ্যে পাকিস্তানে সবচেয়ে বেশি হারে শিশু প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। দেশটির ২৮ শতাংশ ছেলে ও ৪০ শতাংশ মেয়ে প্রাথমিক শিক্ষা পাচ্ছে না। এ ক্ষেত্রে শ্রীলঙ্কা শতভাগ সফল। সে দেশে কোনো ছেলেমেয়ে প্রাথমিক শিক্ষার বাইরে নেই। ভারতে ৯ শতাংশ ছেলে ও ১২ শতাংশ মেয়ে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত। নেপালে ২১ ও ২৪ শতাংশ, ভুটানে ১৮ ও ২০ শতাংশ।মাধ্যমিক স্তর: বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ে ছাত্রী উপবৃত্তি মেয়েদের স্কুলে আকৃষ্ট করা ও জেন্ডার-সমতা অর্জনে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রেখেছে। তবে এভাবে সমতা অর্জন করতে গিয়ে মেয়েদের ভর্তির হার যেমন বেড়েছে, তেমনই বেড়েছে ছেলেদের ঝরে পড়ার হার।মাধ্যমিক স্তরে বাংলাদেশে ছেলের চেয়ে মেয়ের সংখ্যা সামান্য বেশি। তবে ভর্তি হওয়া প্রতি পাঁচজনের একজন মেয়ে এসএসসি পাস করে। ৫৭ শতাংশ মেয়ে এখনো মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত।এ ক্ষেত্রে বাধা: প্রতিবেদনে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিছু বাধা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বাল্যবিবাহ, শিশুশ্রম, স্বাধীনভাবে চলাফেরা করতে না পারা ও দারিদ্র্য অন্যতম।দক্ষিণ এশিয়ায় ৪৮ শতাংশ মেয়ের বিয়ে হয় বয়স ১৮ বছর হওয়ার আগেই। বাংলাদেশে এই হার সবচেয়ে বেশি। বাংলাদেশে তিনজন মেয়ের দুজনের বিয়ে হয় ১৮ বছর বয়সের আগে। প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে এটি বড় বাধা। এই স্তরে যত মেয়ে ঝরে পড়ে, তার ৫০ শতাংশের কারণ বাল্যবিবাহ।বিনা মূল্যে প্রাথমিক শিক্ষার আয়োজন থাকলেও দারিদ্র্যের কারণে বাংলাদেশ, ভারত ও নেপালের ৪০ শতাংশ শিশু বিদ্যালয়ে যায় না। মাধ্যমিক স্তরে দারিদ্র্য আরও বড় বাধা।শিশুশ্রম আরেকটি বাধা। বাংলাদেশে ৮ শতাংশ মেয়ে শিশুশ্রমে নিয়োজিত। ভারতে ২, শ্রীলঙ্কায় ৭, ভুটানে ২২ এবং নেপাল ও আফগানিস্তানে ৩৩ শতাংশ মেয়ে শিশুশ্রমিক হিসেবে কাজ করে।চলাফেরার স্বাধীনতা সবচেয়ে বেশি শ্রীলঙ্কায় আর সবচেয়ে কম আফগানিস্তানে। অন্য দেশে মাঝারি মানের স্বাধীনতা ভোগ করে মেয়েরা।শিক্ষকসংকট: প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের পর বাংলাদেশেই শিক্ষকসংকট বেশি এবং প্রশিক্ষণ পাওয়া শিক্ষকের অভাব বেশি। আফগানিস্তানে ৩৯ শতাংশ শিক্ষকের পদ শূন্য। বাংলাদেশে সব স্তর মিলে ৩৮ শতাংশ শিক্ষকের পদ শূন্য। প্রাথমিক স্তরে ১৬ ও মাধ্যমিক স্তরে ৩৩ শতাংশ শিক্ষকের পদ শূন্য।অন্যদিকে, প্রাথমিক স্তরে ৪৬ শতাংশ শিক্ষকের প্রশিক্ষণ নেই। শিক্ষকদের ১৬ শতাংশের অনুপস্থিত থাকার বদ অভ্যাস আছে। প্রধান শিক্ষকদের মধ্যে এ প্রবণতা বেশি।