নারীশ্রমিকদের জীবনমান উন্নত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পোশাকশিল্পে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা: নারীশ্রমিকের জীবন-জীবিকার ভারসাম্য’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: শরিফুল হাসান
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘পোশাকশিল্পে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা: নারীশ্রমিকের জীবন-জীবিকার ভারসাম্য’ শীর্ষক সেমিনারে বক্তারা। ছবি: শরিফুল হাসান

নারীশ্রমিকদের জীবন-জীবিকার মান উন্নত করার জন্য সরকার, মালিক এবং শ্রমিক নেতাসহ সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অধিকার কর্মীরা।

আজ বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে ‘পোশাকশিল্পে দায়িত্বশীল উৎপাদন ব্যবস্থা: নারীশ্রমিকের জীবন-জীবিকার ভারসাম্য’ শীর্ষক এক সেমিনারে এই দাবি ওঠে। কর্মজীবী নারী, জার্মান সহযোগী প্রতিষ্ঠান জিআইজেড এবং সলিডারিটাস ফন্ডস ডের কাব যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ শিরীন আখতার বলেন, মে দিবসের সংগ্রামের অন্যতম একটি সংগ্রাম ছিল কর্মঘণ্টা আট ঘণ্টা করার দাবি। মানুষ পণ্য নয় তাই আট ঘণ্টা কর্মদিবস, আট ঘণ্টা বিশ্রাম এবং আট ঘণ্টা বিনোদন তাঁর মানবাধিকার। তিনি বলেন, নারীশ্রমিকের জীবন-জীবিকার ভারসাম্য রক্ষা করতে হলে এই তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। ট্রেড ইউনিয়নে নারীর অংশগ্রহণের মাধ্যমে নারীশ্রমিকের অধিকারকে সুনিশ্চিত করতে হবে। নারীশ্রমিকের জীবন-জীবিকার মান বাড়াতে হবে। এ জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি কর্মজীবী নারীর সভাপতি প্রতিমা পাল বলেন, ১৯৯০ সালে পোশাক কারখানার নারী শ্রমিকদের জীবনমান যেমন ছিল আজ এত দিন পরও খুব বেশি উন্নত হয়নি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খোন্দকার মোস্তান হোসেন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার ও মানুষের জন্য ফাউন্ডেশন এর পরিচালক রীনা রায়। সেমিনার সঞ্চালনা করেন কর্মজীবী নারী’র নির্বাহী পরিচালক রোকেয়া রফিক।

সেমিনারে মূল ধারণাপত্র উপস্থাপন করেন কর্মজীবী নারী’র পরিচালক সানজিদা সুলতানা। ধারণাপত্রে তিনি সহযোগিতামূলক, নমনীয় ও শোভন কাজের পরিবেশকে উদ্বুদ্ধ করতে কারখানা কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা, নারীশ্রমিকের প্রয়োজনীয় ছুটি ও মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা, নারীশ্রমিকের শিশুদের জন্য কারখানার অভ্যন্তরে নিরাপদ স্থানে ‘ডে-কেয়ার’ স্থাপন করার সুপারিশ করেন।

সেমিনারে নারীশ্রমিকের জীবন-জীবিকার উন্নয়নে কর্মজীবী নারী’র উল্লেখযোগ্য দুটি উদ্যোগ কিচিরমিচির ডে-কেয়ার সেন্টার ও নারীশ্রমিকদের জন্য উইমেন ক্যাফের দুজন সদস্য লাভলী আক্তার ও ঝুমুর আক্তার তাদের বক্তব্য তুলে ধরেন।

জিআইজেড এর উদ্যোগে সময় ও বিদ্যুৎসাশ্রয়ী উন্নত চুলার ওপর একটি তথ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে।