নারীশ্রমিকসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
রাজশাহীর পবা, সাতক্ষীরা সদর ও রংপুরের পীরগাছায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও ২৫ জন আহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী: পবা উপজেলার দুয়ারী এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নূর হোসেন (৩০)। তিনি পবা উপজেলার বাগধানী খামারপাড়া এলাকার বাসিন্দা। লাশ দুটি পবা থানায় নেওয়া হয়েছে।সাতক্ষীরা: সাতক্ষীরা শহরের শিশুকল্যাণকেন্দ্রের সামনে গত বুধবার একটি ট্রলি উল্টে মাগুরা গ্রামের আবদুল কাদেরের স্ত্রী সালমা খাতুন (৩৫) নিহত হন। তিনি একজন নারীশ্রমিক। এতে ওই ট্রলির অপর দুই যাত্রী সদর উপজেলার মোচড়া গ্রামের আতিয়ার রহমান, তালা উপজেলার মীর্জাপুর গ্রামের রাবিয়া খাতুন ও যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাঁড়ি গ্রামের সামান্তভান বিবি (৩০) আহত হন।পীরগাছা (রংপুর): পীরগাছা-রংপুর মহাসড়কের কদমতলীতে গতকাল বৃহস্পতিবার একটি ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে এর আরোহী পীরগাছা উপজেলার কিশামত পারুল গ্রামের আফজাল হোসেনের স্ত্রী আছিয়া বেগম (৪৫) নিহত হন।