হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামে গতকাল বুধবার সকালে বিল দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ শতাধিক লোক আহত হয়েছে। গুরুতর আহত ২১ জনকে হবিগঞ্জ আধুনিক জেলা হাসপাতাল ও সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার কুর্শা খাগাউড়া গ্রামের পার্শ্ববর্তী বাহার চরের বিল (জলাশয়) দখল নিয়ে খাগাউড়া গ্রামের সাবেক চেয়ারম্যান মহিবুর রহমান বড় মিয়া (৬০) ও এ কে আজাদ ওয়ায়েসের (৫০) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। গতকাল সকালে এক পক্ষের লোকজন মাছ ধরতে গেলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ লাইসেন্স করা বন্দুক, লাঠি, বল্লমসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। সংঘর্ষে গুরুতর আহত আবদুস সালাম, আবদুল রাজ্জাক, সোহেল মিয়া, সাঈদী ও আবুল কালামকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আহত মুস্তাফিজুর রহমান, সাহাব উদ্দিন, রিপন মিয়া, সুজন মিয়া, আবদুল হামিদ, শাওন, সাহেব আলী, সুফিয়া বেগম, সুফিয়া খাতুন, খালেক মিয়া, ওয়াহেদ মিয়া, আদর চান, আবদুল বারিক, চমক, আবদুর রউফ, মাসুক মিয়া, জুয়েল মিয়া, শামসু মিয়া, সেলিম মিয়া, রমজান আলী, নূর মিয়াসহ অন্যদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা জানান, বিল (জলাশয়) দখল নিয়ে সংঘর্ষ হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া সংঘর্ষের সময় দুটি বন্দুক এবং শতাধিক দেশি অস্ত্র পুলিশ উদ্ধার করে বলে তিনি জানান।প্রসঙ্গত, একই বিল দখল নিয়ে ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর উভয় পক্ষের সংঘর্ষ হয়। সে সময় শাহিদুর রহমান নামের এক ব্যক্তি প্রাণ হারান।