বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারিতে বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ তিন জঙ্গির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার জেলা অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ আবু হানিফ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে নারী জঙ্গিকে তিন দিন ও পুরুষদের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে বলে কোর্ট পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক বাবুল কুমার চৌধুরী জানিয়েছেন।
তাঁরা হলেন জহিরুল হক ওরফে জসীম উদ্দিন ও তাঁর স্ত্রী রাজিয়া সুলতানা ওরফে আরজিনা (১৫ মার্চ সীতাকুণ্ডের জঙ্গি আস্তানায় বোমা, বিস্ফোরকসহ সস্ত্রীক গ্রেপ্তার) এবং মোহাম্মদ হাসান (৭ মার্চ চান্দিনায় পুলিশকে বোমা ছুড়ে মারতে গিয়ে আরেক জঙ্গিসহ গ্রেপ্তার হন)।
আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, তিন জঙ্গিকে নির্ধারিত তারিখে আদালতে হাজির করা হয়। এ সময় কোর্ট পুলিশ পরিদর্শক আদালতে নাইক্ষ্যংছড়ির বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলায় জঙ্গিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।
মামলার নথিপত্রে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়ার নতুন ভাবনা বিহারের প্রবীণ বৌদ্ধ ভিক্ষু ধাম্মা ওয়াসাকে (উ গাইন্দ্যা) গত বছরের ১৪ মে রাতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। বৌদ্ধ ভিক্ষু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জঙ্গিকে গ্রেপ্তার দেখানো হয়। জঙ্গি দম্পতির বাড়ি বাইশারি ইউনিয়নের দুর্গম যৌথ খামারপাড়ায়, হাসানের বাড়ি করলিয়াঘোনায়।
গতকাল বেলা ১১টায় নারী ও পুরুষ জঙ্গিদের আলাদাভাবে কড়া পুলিশ পাহারায় আদালতে নিয়ে আসা হয়। আদালতে মামলার শুনানির শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদেরকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রাম কারাগার থেকে গত রোববার নিয়ে আসা জঙ্গিদের আবার চট্টগ্রামে নিয়ে যাওয়া হবে বলে আদালত সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
কোর্ট পুলিশের পরিদর্শক বাবুল কুমার চৌধুরী বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কক্সবাজার অঞ্চল তদন্ত করছে। তারাই জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে জঙ্গিদের নিয়ে যাবে। আগামী ১৯ জুলাই আবার তাঁদের হাজির করার জন্য আদালত নির্দেশ দিয়েছেন।
মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক খাইরুল আলম প্রথম আলোকে মুঠোফোনে বলেন, বৌদ্ধ ভিক্ষু হত্যার পরপর জঙ্গিরা এলাকা ছাড়েন। তাঁরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। রিমান্ড মঞ্জুর হলেও নিরাপত্তাজনিত কারণে এখন তাঁদের নেওয়া হবে না। ঈদের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।