নারীসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন।
এ ছাড়া মাদারীপুর ও মাগুরার শালিখা উপজেলায় গত শনিবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নোমর হাট-লোন্দা সড়কের উকিলবাড়ির সামনে গতকাল রোববার সকাল সাড়ে ১১টার দিকে সালমা বেগম (৩০) নামে এক নারী মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যান।
এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর স্বামীর নাম ইব্রাহিম প্যাদা। কলাপাড়া থানা পুলিশ খবর পেয়ে সালমা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।
কালকিনি (মাদারীপুর): মাদারীপুর-টেকেরহাট সড়কের সদর উপজেলার উকিলবাড়ি এলাকায় গত শনিবার সকাল ১০টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।এ সময় বাসটি রাস্তায় থাকা দুই কিশোরকে চাপা দেয়। এতে অজ্ঞাত এক কিশোর নিহত হয়।
এ ছাড়া বাসের ২৫ জন যাত্রী আহত হন।
মাগুরা: মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় গত শনিবার করিমনের ধাক্কায় রানী বালা (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি আড়পাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার বিকেলে আড়পাড়া-কালীগঞ্জ সড়কে একটি করিমন রানী বালাকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাঁকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান।