নারীসহ তিনজনের লাশ উদ্ধার
মানিকগঞ্জের সাটুরিয়ায় এক গৃহবধূ এবং সদরে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে৷ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে৷ গত বুধ ও গতকাল বৃহস্পতিবার লাশগুলো উদ্ধার করা হয়৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে সদর উপজেলার কাটিগ্রামের কুমের পাড়ে অজ্ঞাতনামা ওই যুবকের (৩০) লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। লাশের শরীরে কোনো কাপড় ছিল না। খবর পেয়ে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখম ছিল৷
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। ওই যুবকের পরিচয় এবং হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
সাটুরিয়ায় উদ্ধার করা লাশ গৃহবধূ শিরিন আক্তারের (১৮)৷ পুলিশ জানায়, উপজেলার জান্না গ্রামের আক্কাস আলীর ছেলে সজীব হোসেন ও ধানকোড়া গ্রামের মোসলেম উদ্দিনের মেয়ে শিরিন নয়াডিঙ্গি এলাকার তারাসিমা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানায় কাজ করতেন। সাত মাস আগে পরিবারের অজান্তে তাঁরা বিয়ের করেন। বুধবার সন্ধ্যায় কারখানায় কাজ শেষে শ্বশুরবাড়ি ফেরেন শিরিন। রাত নয়টার দিকে ঘরের ভেতর শিরিনের ঝুলন্ত লাশ দেখতে পান বাড়ির লোকজন। রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়৷
সাটুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর চেঙ্গাইন এলাকা থেকে গতকাল সকালে রিকশাচালক ইদ্রিস আলীর (৩৬) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়৷ সোনারগাঁ থানার এসআই মো. আবুল বাশার জানান, কাঁচপুরের চেঙ্গাইন এলাকার একটি ডোবায় লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে লাশ উদ্ধার করে থানায় আনা হয়। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হসাপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
ইদ্রিস আলীর স্ত্রী মাজেদা বেগম বলেন, ‘২৪ মে আমার স্বামী অটোরিকশা নিয়ে রাস্তায় বের হন। ওই দিন সন্ধ্যায় তাঁর সঙ্গে আমার মুঠোফোনে শেষ কথা হয়। এর পর থেকে তাঁকে আর পাওয়া যায়নি।’