নারীসহ পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল পৃথক ঘটনায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এক গৃহবধূসহ তিনজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, গতকাল সকালে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিনশেড কোয়ার্টারের সামনের একটি জামগাছের ডাল থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মো. জনি (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
জনির বাবা নজরুল ইসলাম বলেন, তিনি সপরিবারে শেরেবাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিনশেড কোয়ার্টারে থাকেন। মঙ্গলবার রাতে জনি বাসায় ভাত খেয়ে ঘুমোতে যায়। সকালে ঘুম থেকে ওঠে বাসার সামনে গাছের ডালে তার ঝুলন্ত লাশ দেখেন। পরে শেরেবাংলা নগর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। জনি মানসিকভাবে অসুস্থ ছিল বলে তাঁর বাবা জানান।
গতকাল দুপুরে মহাখালীর কড়াইল এলাকার টিঅ্যান্ডটি কলোনির নিজ বাসা থেকে রিফাত শেখ (২২) নামের আরেক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। রিফাত তাঁর মা-বাবার সঙ্গে ওই বাসায় থাকতেন। তাঁর বাবার নাম মতিয়ার রহমান। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
রিফাতের বাবা মতিয়ার রহমান বলেন, পারিবারিক কলহের জের ধরে রিফাত দুপুরে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
গতকাল বিকেলে পুরান ঢাকার তাঁতীবাজারের বাসায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো গৃহবধূ সেতু ঘোষকে (২৫) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সেতু ঘোষ তাঁর স্বামী স্বর্ণকার মানিক ঘোষের সঙ্গে তাঁতীবাজারের ওই বাসায় ভাড়া থাকতেন। zকোতোয়ালি থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করা যাবে। গৃহবধূর স্বামী মানিক ঘোষ বলেন, কয়েক দিন ধরে স্ত্রীর সঙ্গে তাঁর কলহ চলছিল। এরই জের ধরে বুধবার বিকেল চারটার দিকে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন সেতু।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু: গতকাল সকালে রামপুরার বুইদার গলিতে ভেজা কাপড় শুকাতে গিয়ে মো. আকাশ (২০) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আকাশ স্ত্রীকে নিয়ে ওই বাসায় থাকতেন।
সকাল পৌনে সাতটার দিকে খিলগাঁওয়ের সিপাহীবাগের একটি হোটেলে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (৩০) নামের এক হোটেলের কর্মচারী মারা যান। তাঁর বাড়ি শেরপুরে।