নারীস্বাস্থ্য নিয়ে কাজের স্বীকৃতি পেলেন রওশন আরা বেগম
প্রসূতিসেবা ও নারীস্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বিশেষজ্ঞ চিকিত্সক রওশন আরা বেগম। গত বছরের ৮ অক্টোবর তিনি ‘উইমেনস রিকগনিশন অ্যাওয়ার্ড’ সম্মানে ভূষিত হয়েছেন। প্রসূতিসেবা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অব গাইনি অবস্ট্রিক্যাল সোসাইটি (ফিগো) তাঁকে এ সম্মানে ভূষিত করে।রওশন আরা বেগম হলি ফ্যামিলি হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের প্রধান। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়।রওশন আরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে নিজ উদ্যোগে অসহায় মানুষকে সেবা দেওয়ার জন্য হাসপাতাল নির্মাণ করেছেন। দরিদ্র নারী ও শিশুস্বাস্থ্যের ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে মানিকগঞ্জ এলাকায় তিনি দরিদ্র নারী ও শিশুদের জন্য কাজ করেছেন। মানিকগঞ্জে জন্ম নেওয়া রওশন আরা বেগম ১৯৭৪ সালে এমবিবিএস পাস করেন। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি ১৯৮৩ থেকে ১৯৯২ সাল পর্যন্ত শিক্ষকতা করেন।ফেডারেশন অব গাইনি অবস্ট্রিক্যাল সোসাইটি বিভিন্ন দেশের নারীদের মধ্যে যাঁরা দরিদ্রদের জন্য কাজ করেন, তাঁদের মনোনীত করে উইমেনস রিকগনিশন অ্যাওয়ার্ড দেয়। ফিগো ১২টি দেশের মনোনীত ব্যক্তিত্বদের মধ্য থেকে রওশন আরা বেগমকে সম্মানিত করে। বিজ্ঞপ্তি।