নারী-পুরুষ সমতা না থাকলে সব অর্জন নষ্ট হয়ে যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশকে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাই দেখতে চায়। আজ দেশের অনেক অর্জন। কিন্তু সব অর্জন নষ্ট হয়ে যেতে পারে যদি নারী-পুরুষ সমতা না থাকে। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতাও প্রতিরোধ করতে হবে।
প্রথম আলো বন্ধুসভা আয়োজিত বন্ধুমেলায় এসব কথা বলেছেন বক্তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে মেলার সহযোগিতায় ছিল মানুষের জন্য ফাউন্ডেশন ও মাত্রা।
সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও বন্ধুসভার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বন্ধুমেলার উদ্বোধন হয়। আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আনোয়ারা আলম মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধা পরিবারের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে পতাকা দুটি উত্তোলন করেন। মেলায় চট্টগ্রাম ছাড়াও তিন পার্বত্য জেলা, কক্সবাজার, ফেনীসহ ১১টি বন্ধুসভার সদস্যরা অংশ নেন।
বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি সাইদুজ্জামানের সঞ্চালনায় মেলার বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, বিজ্ঞাপনী সংস্থা মাত্রার কর্ণধার অভিনেতা আফজাল হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী, প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, আইনজীবী শামীমা ফেরদৌস ও উন্নয়ন সংগঠন মমতার পরিচালক স্বপ্না তালুকদার।
প্রশ্নোত্তর পর্বে শাহীন আনাম বলেন, নারীর প্রতিটি কাজের মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। কারণ, নারীর কাজের অর্থনৈতিক ও সামাজিক মূল্য রয়েছে। আজ যে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাতেও অর্ধেকের বেশি অবদান নারীর। কিন্তু নারীর এই অবদানের স্বীকৃতি দেওয়া হয় না।
শাহীন আনাম আরও বলেন, মাদক, পর্নোগ্রাফি ও তথ্যপ্রযুক্তির কুব্যবহার নারীর প্রতি সহিংসতায় নতুন মাত্রা যোগ করেছে।
অভিনেতা আফজাল হোসেন বলেন, সমাজের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে নারীরা অবদান রাখছেন না। তবু আজ নারী নির্যাতনের শিকার হচ্ছেন। এ জন্য সবার আগে দৃষ্টিভঙ্গি ও ধ্যানধারণা বদলাতে হবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের সমন্বয়কারী বনশ্রী মিত্র নিয়োগী বলেন, সমাজব্যবস্থার মধ্যেই নারীর প্রতি অবজ্ঞা, অবহেলা ও অসমতার বিষয়টি স্পষ্ট। নারীকে সমমর্যাদা নিয়ে বসবাস করার পরিবেশ সৃষ্টি করতে হবে। নারীর প্রতি সহিংসতা বা বৈষম্যের বিরুদ্ধে পরিবার থেকেই লড়তে হবে।
অধ্যক্ষ আনোয়ারা আলম বলেন, মনোবল, দৃঢ়তা ও আত্মবিশ্বাস নিয়ে নারীকে এগিয়ে যেতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত অর্জন সম্ভব।
এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমন গাঙ্গুলি ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষক সাদিকা সুলতানা। অতিথিরা বন্ধুদের নানা প্রশ্নের জবাব দেন।
দিনব্যাপী এ আয়োজনের সাংস্কৃতিক পর্ব শুরু হয় ‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে দলীয় নৃত্যের মাধ্যমে। এরপর ‘মর্যাদায় গড়ি সমতা’ শীর্ষক ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা পরিবেশন করেন দলীয় সংগীত। ‘ঘরের কাজ মেয়েদের’ শীর্ষক বিতর্ক পরিচালনা করেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি জয়শ্রী দাশ।