নারী-পুরুষের জন্য একই শৌচাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ১২৯টি আদালতে সাধারণ মানুষের ব্যবহারের জন্য শৌচাগার আছে মাত্র ১০টি। এসব শৌচাগারে যেতে হলে লাইনে থাকতে হয় বিচারপ্রার্থীদের। যেসব শৌচাগার আছে, সেগুলোও ব্যবহারের অনুপযোগী। আবার নারীদের জন্য পৃথক কোনো শৌচাগার নেই। এতে করে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয় ব্যবহারকারীদের।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, ঢাকার আদালতগুলোতে প্রতিদিন কয়েক হাজার বিচারপ্রার্থী আদালতে আসেন। কিন্তু শৌচাগারের অভাবে তাঁদের দাঁড়িয়ে থাকতে হয়। গণশৌচাগার স্থাপন করা জরুরি বলে তিনি অভিমত দেন।
জানা গেছে, ঢাকা জেলা জজের অধীনে আদালত আছে ৩৮টি। অথচ গণশৌচাগার আছে মাত্র চারটি। ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) অধীনে ৩৫টি আদালতের মধ্যে শৌচাগার আছে মাত্র তিনটি। অন্যদিকে ঢাকা মহানগর দায়রা জজের অধীনে থাকা ১৭টি আদালতে গণশৌচাগার আছে মাত্র একটি। আর ঢাকার ১১টি বিশেষ জজ আদালতের গণশৌচাগার আছে একটি। এ ছাড়া ঢাকার মুখ্য বিচারিক হাকিমের অধীনে (সিজিএম) থাকা ১৬টি আদালতে শৌচাগার আছে একটি। ঢাকার দুটি পরিবেশ আদালত, পাঁচটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চারটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল, জননিরাপত্তা ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালের নিজস্ব কোনো শৌচাগারই নেই। দেখা গেছে, আদালতগুলোর শৌচাগার নোংরা ও দুর্গন্ধযুক্ত। নিয়মিত পরিষ্কারও করা হয় না। তাই অধিকাংশ শৌচাগার ব্যবহারের অনুপযোগী। গত সোমবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পাবলিক টয়লেটের সামনে দাঁড়িয়ে থাকা বিচারপ্রার্থী হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্গন্ধের কারণে শৌচাগারে ঢোকা যায় না।
কয়েকটি শৌচাগার ব্যবহারের জন্য বিচারপ্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের দ্বিতীয় তলার শৌচাগার, ঢাকার পুরোনো জেলা জজ আদালত ভবনের নিচতলার শৌচাগার এবং ঢাকার মহানগর দায়রা জজ আদালতের শৌচাগার থেকে নিয়মিতভাবে টাকা আদায় করা হয়। তবে টাকা আদায় করা হলেও এগুলোর অবস্থা একই রকমের।
তবে শৌচাগার থেকে টাকা আদায়ের কথা অস্বীকার করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির উবায়দুল করিম আকন্দ। প্রথম আলোকে তিনি বলেন, ‘শৌচাগার থেকে টাকা আদায় করা হচ্ছে, এমন কথা আমার জানা নেই। যেসব ব্যক্তি টাকা আদায় করছেন, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
আদালতে আসা লোকজন অভিযোগ করেন, ঢাকার আদালতে নারী বিচারপ্রার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। কারণ, তাঁদের জন্য পৃথক কোনো শৌচাগারের ব্যবস্থা নেই। গত সোমবার দেখা গেল, ঢাকার জেলা জজ আদালত ভবনের নিচতলার শৌচাগারে এক নারী বিচারপ্রার্থী ঢুকেছেন, এ সময় একজন পুরুষ শৌচাগারের দরজায় টোকা দিচ্ছেন। উত্তরা থেকে আসা বিচারপ্রার্থী সালমা বেগম প্রথম আলোকে বলেন, প্রতিদিন কয়েক শ নারী ঢাকার আদালতে আসেন। অথচ এখানে নারীদের জন্য পৃথক কোনো শৌচাগার নেই। নারী-পুরুষ একই শৌচাগারে যাচ্ছেন, এটা খুব লজ্জার। তিনি বলেন, শুধু এক শৌচাগারে দুজন নারী-পুরুষ যাচ্ছেন তা-ই নয়, অনেক শৌচাগারের দরজা পর্যন্ত নেই।
ঢাকা মহানগর দায়রা জজ আদালত ভবনের ষষ্ঠ তলায় পাঁচটি আদালত রয়েছে। ষষ্ঠ তলার পূর্ব পাশে শৌচাগারের দরজা নেই। আবার ঢাকার পুরোনো জেলা জজ আদালত ভবনের নিচতলার কয়েকটি শৌচাগারের দরজা ভাঙা। অনেক শৌচাগারের দরজা থাকলেও ছিটকানি নেই। এ কারণে ব্যবহার করতে গিয়ে বিচারপ্রার্থীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।