ফেনীতে নিয়ন্ত্রণহীন একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নারী ও এক শিশু নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন। এ ছাড়া গত বুধবার সন্ধ্যা থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে ১১০ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৯৭৯ জনের। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:
ফেনী পৌরসভার লালপুল এলাকার ফেনী বাইপাসে গতকাল সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বিপরীতমুখী বিদ্যুতের খুঁটিবাহী ট্রাকের সঙ্গে এর সংঘর্ষ হয়। এতে এক নারী, এক শিশুসহ দুজন নিহত এবং অন্তত দশজন আহত হয়েছেন।
নিহত শিশু মামুন (১০) খাগড়াছড়ির মাটিরাঙ্গার খেতুরাছরা এলাকার নুরুল আফছারের ছেলে। নিহত নারীর (৫০) পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চাঁদপুর শহরের বাবুরহাটে চাঁদপুর-কুমিল্লা সড়কে বুধবার রাতে পিকআপের ধাক্কায় আমেনা আক্তার (২০) নামের এক পোশাককর্মী নিহত হয়েছেন।
বরিশালের গৌরনদী উপজেলার বেজহার বড়বাড়িতে ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল দুপুরে ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে চালক আবদুল হালিম সরদার (৪৫) নিহত ও তিন যাত্রী আহত হন।
বাগেরহাটে সকালে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে দেলোয়ার তালুকদার (৪০) নিহত ও আরেকজন আহত হয়েছেন। দুজনই মোটরসাইকেলটির আরোহী ছিলেন।
সিলেটের গোয়াইনঘাটের গুচ্ছগ্রাম এলাকায় বুধবার রাতে ট্রাকের চাপায় এর চালকের সহকারী মনজুর আহমদ (২২) নিহত হয়েছেন।
কালীগঞ্জের খয়েরতলা বাকুলিয়া এলাকায় ঝিনাইদহ-কালীগঞ্জ সড়কে গতকাল সকালে ট্রাকচাপায় আবদুর রাজ্জাক (৫০) নিহত হয়েছেন। বেজপাড়ায় একটি পোলট্রি ফার্মে নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে বাইসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতির ওই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।