নার্গিসের খুনিদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার মেয়ে নার্গিস বেগমকে ভারতের উত্তর প্রদেশের কানপুর রেলস্টেশন থেকে অপহরণ, ধর্ষণ, হত্যা ও তাঁর অঙ্গপ্রত্যঙ্গ চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিকচার প্যালেস মোড়ে খুলনার সচেতন নাগরিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
সচেতন নাগরিক সমাজের সভাপতি মো. কুদরত-ই-খোদার সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেন।
নার্গিসকে নিয়ে কেউ যেন কোনো আন্দোলন-সংগ্রাম করতে না পারে, তার জন্য প্রশাসন থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়েছে। তা ছাড়া এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে ভারত সরকার কী পদক্ষেপ নিয়েছে, তা জানতে রাষ্ট্রীয়ভাবে ব্যাখ্যা দাবি করা হয়। নার্গিসের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান বক্তারা।
মো. কুদরত-ই-খোদা বলেন, যখন কোনো দেশের নাগরিক বৈধ পাসপোর্ট নিয়ে অন্য দেশে যান, তখন তাঁর নিরাপত্তার দায়িত্ব ওই দেশকেই নিতে হয়। নার্গিস বেগম বৈধভাবে ভারতে গেলেও তিনি সে দেশের কোনো সুবিধা পাননি। তাঁকে দুর্বৃত্তরা টানাহেঁচড়া করেছে। কিন্তু তাঁর সাহায্যে কেউ এগিয়ে আসেনি।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব বাবুল হাওলাদার, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মহানগর সভাপতি লোকমান হাকিম ও সাংগঠনিক সম্পাদক এস এম দেলোয়ার হোসেন প্রমুখ।