নার্গিসের খুনিদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীহারা জন্মান্ধ মায়ের দুই চোখের আলো হয়েই ছিলেন ভারতে দুর্বৃত্তদের হাতে নিহত নার্গিস বেগম। জন্মের পর থেকে পৃথিবীর আলো দেখতে না পাওয়া মায়ের শেষ অবলম্বনও ছিলেন তিনিই। কিন্তু অন্ধের যষ্টি সেই সন্তানের মৃত্যু ননীবালার পৃথিবীকে নতুন করে আঁধারে ঢেকে দিয়েছে।
গতকাল রোববার খুলনার সোনাডাঙ্গা থানার কেডিএ অ্যাপ্রোচ রোডে নিজ বাসভবনে নিহত সন্তানের জন্য বিচার ও ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে নার্গিসের পরিবার। সেখানেই কান্নাজড়িত কণ্ঠে ননীবালা বললেন, ‘নার্গিস আমাকে আর কখনো মা বলে ডাকবে না। আমার হাতটি ধরে কোথাও নিয়ে যাবে না। বলবে না, “মা, আমি না আসলে একা একা কোথাও বের হবেন না।”’
তিনি আরও বলেন, ‘নার্গিস তো চলে গেল। আমার আর আমার এই নাবালিকা নাতনির আর কিছুই রইল না। কে দেখবে তাঁর এই অন্ধ মা, আর মেয়েকে?’
পাসপোর্ট নিয়ে বৈধ পথে ভারতে যাওয়ার পরও কেন এমন হলো—এমন প্রশ্ন ননীবালার কণ্ঠে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সুষ্ঠু বিচার দাবি করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারত সরকারের কাছে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
প্রসঙ্গত, খুলনার সোনাডাঙ্গা থানার বাসিন্দা নার্গিস বেগম গত ৯ মার্চ নিজের ও মায়ের চিকিৎসা করানোর জন্য ভারতে যান। ১০ মার্চ হাওড়া স্টেশন থেকে দিল্লির উদ্দেশে ট্রেনে ওঠার পর কানপুর স্টেশন থেকে তাঁকে অপহরণ করে কয়েকজন যুবক। এরপর ১৯ মার্চ খুলনার সোনাডাঙ্গা থানার পুলিশের কাছ থেকে পরিবারের সদস্যরা জানতে পারেন, নার্গিস মারা গেছেন। তাঁর লাশ উত্তর প্রদেশের বাধান রেলস্টেশনের কাছ থেকে উদ্ধার করা হয়। অপহরণ করে তাঁকে ধর্ষণের পর শরীর থেকে বিভিন্ন অঙ্গ কেটে বিক্রি করা হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করে আসছেন।