নার্গিসের বাড়িতে নজরুলের জন্মোৎসব
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক ধরে সামনে এগোলেই গাছগাছালির অপূর্ব সমন্বয়ে গড়ে ওঠা দৌলতপুর গ্রাম। সেখানে ঢুকতেই চোখে পড়ে নজরুল তোরণ। ওই তোরণের ফাঁক দিয়ে আধাকিলোমিটার পথ পার হলেই খাঁ বাড়ি। ওই বাড়ি আর গ্রাম দীর্ঘদিন থেকে পরিচিত হয়ে ওঠে নার্গিস-নজরুলের গ্রাম হিসেবে। গতকাল শনিবার বিকেলে কবির পত্নী সেই নার্গিসের বাড়িতেই পালিত হলো কবির ১১৩তম জন্মোৎসব। খাঁ বাড়ির সামনে নজরুল মঞ্চে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে ওই উৎসব হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজাউল আহসানের সভাপতিত্বে ওই আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংরক্ষিত আসনের মহিলা সাংসদ জোবেদা খাতুন পারুল।বিশেষ অতিথির বক্তব্য দেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন আল রশীদ, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বেগম ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।প্রধান অতিথির বক্তব্যে জোবেদা খাতুন পারুল বলেন, ‘দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার দৌলতপুর গ্রামে আসেন। কবির বন্ধু আলী আকবর খানের সঙ্গে তিনি ওই বাড়িতে যান। দৌলতপুরের খাঁ বাড়ির স্নিগ্ধ ও শান্ত পরিবেশ কবিকে মোহিত করেছিল। এখানে কবি রচনা করেছেন অসংখ্য কবিতা, গান আর ছড়া। কবির সেই স্মৃতিময় স্থানগুলো সংরক্ষণ করতে হবে।’